আনিষা চৌধুরী, কলকাতা: বীরভূম (Birbhum) জেলায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অঞ্চল সভাপতি তাহেরুল শেখ (Tahirul Sheikh) ওরফে তাহেরকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভ্রমরকোল অঞ্চলের তৃণমূল সভাপতির কোমরে দড়ি বেঁধে আমোদপুর বাজারে ঘোরানোর অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতাকে এভাবে ঘোরানোর ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা তুঙ্গে।
কী অভিযোগ তাহেরের বিরুদ্ধে?
তাহেরুল শেখের বিরুদ্ধে ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচন চলাকালীন বিজেপি নেতাদের উপর হামলার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই সময় বিজেপির দলীয় ইনচার্জ বিশ্বজিৎ মণ্ডল, সভাপতি সুদীপ ঘোষ এবং বিধায়ক-পুত্র দেবরূপ ওঝার উপর হামলা চালানো হয়। তাঁদের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরে তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পিছনে তাহেরুল শেখের ভূমিকা ছিল বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে তাহেরুল শেখ এলাকাছাড়া ছিলেন। এদিন তাঁকে আমোদপুরে দেখতে পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা ঘিরে ধরেন বলে অভিযোগ। এরপর তাঁর কোমরে দড়ি বেঁধে বাজারে ঘোরানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতিতেও বিজেপি কর্মীরা তাঁকে ছাড়তে চাইছিলেন না। তাঁদের দাবি ছিল, তাঁরাই ওই তৃণমূল নেতাকে শাস্তি দেবেন।
আরও পড়ুন: বিশ্বকাপে দাদাগিরি, ক্যামেরুনকে হারিয়ে আবার জিতল ভারত
পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশ তাঁকে বিজেপি কর্মীদের হাত থেকে উদ্ধার করে গাড়িতে তোলে। এই ঘটনাকে কেন্দ্র করে আমোদপুর ও সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। নির্বাচনের সময়কার হামলার অভিযোগকে ঘিরে রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে এই ঘটনা নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। এই সমগ্র ঘটনায় এখনো অব্দি কোনও মন্তব্য করেনি বিজেপি।