সৌভিক মুখার্জী, কলকাতা: চতুর্থীর সন্ধ্যায় নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে ৪৫ হাজার নতুন নিয়োগের ঘোষণা তো করেছেনই তিনি, তার পাশাপাশি পুজোর আগে ৫০ কেজি চাল এবং মোটা অঙ্কের টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের জন্য এই ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।
শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
সাংবাদিক বৈঠকে এদিন বন্ধ চা বাগানগুলির কর্মহীন শ্রমিকদের পরিবারপিছু অতিরিক্ত ৫০ কেজি চাল এবং ৫০০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে তারা রেশনে মাত্র ৩৫ কেজি করে চাল পান। তবে সেটি তো মিলবেই, তার সঙ্গে অতিরিক্ত আরও ৫০ কেজি চাল মিলবে বলে জানিয়েছেন তিনি। দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত চা বাগানের শ্রমিকরা এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে রাজ্যের একাধিক চা বাগান বন্ধ হয়। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে উত্তরবঙ্গের মোট ২১টি চা বাগান বন্ধ হয়েছে। আর সেই চা বাগানগুলির মোট ১৯ হাজার ৫২৪ জন শ্রমিক বর্তমানে কর্মহীন। তাদের জন্যই এবার উপহার মুখ্যমন্ত্রীর। তবে এক্ষেত্রে রয়েছে শর্ত। সেই শ্রমিকের বয়স অবশ্যই ৬০ বছরের কম হতে হবে এবং চা বাগান বন্ধ হওয়ার কারণে কর্মহীন হতে হবে। তবেই মিলবে এই সহায়তা। এই টাকা সরাসরি শ্রম দফতরের তরফ থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: রাজ্যে আরও ৪৫ হাজার চাকরি, চতুর্থীর সন্ধ্যায় বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর কথায়, “মানবিক সরকারের পক্ষ থেকে এটা একটা ছোট্ট পদক্ষেপ। পরিবার পিছু ৫০ কেজি চাল পাবেন তারা। ১৯,৫২৪ জনের অ্যাকাউন্টে ৫০০০ টাকা দেওয়া হবে। এরা বেতনই পাচ্ছেন না। বোনাসের প্রশ্ন নেই। তাই সরকার এই পদক্ষেপ নিল।” প্রসঙ্গত, এদিনের বৈঠকে আরও ৪৫ হাজার নিয়োগের ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থ দফতরের অনুমোদন মিলেছে বলেও জানিয়েছেন তিনি। যার মধ্যে স্কুল এডুকেশন দফতরে সবচেয়ে বেশি ৩৩ হাজার ১৯৯ পদে নিয়োগ করা হবে।