প্রধানমন্ত্রীর ভিডিও ফেসবুক থেকে সরিয়ে ক্ষমা চাইল Meta, ব্যবস্থা নিতে চলেছে দিল্লি!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে গত 23 জুলাই মাঝরাতে দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বার্তা দিতে ফেসবুকে (Facebook) একটি ভিডিও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে সম্প্রতি সেই ভিডিওটিকে সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। যদিও পরবর্তীতে ভিডিওটি প্রযুক্তিগত ত্রুটির কারণে সরিয়ে ফেলার কথা জানিয়ে ক্ষমা চেয়েছে মেটা। তবে শোনা যাচ্ছে, গোটা ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করে মেটার আধিকারিকদের ডেকে পাঠাতে পারে দিল্লি।

মেটার বিরুদ্ধে পদক্ষেপ নেবে ভারত?

তখন গোটা দেশজুড়ে জোরকদমে চলছে আন্দোলন। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পথে নেমেছিলেন ছাত্র-ছাত্রীরা। আর তারপর মাঝরাতেই ভিডিও বার্তায় প্রশ্ন ফাঁসের মতো ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। ভিডিওটি মুহূর্তের মধ্যে পৌঁছে গিয়েছিল লক্ষাধিক মানুষের কাছে। সম্প্রতি সেই ভিডিওই সাময়িকভাবে সরিয়ে দিয়েছিল ফেসবুক।

যদিও, মেটার তরফে দাবি করা হয়েছে, ইচ্ছে করে নয় বরং প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিওটি ফেসবুক থেকে উধাও হয়ে গিয়েছিল! তবে তা আবার ফিরিয়ে আনা হয়েছে। এ প্রসঙ্গে মেটার এক মুখপাত্র জানিয়েছেন, ভুলবশত ওই ভিডিওটি ডিলিট করা হয়েছিল। তবে গোটা বিষয়টি সংশোধন করে আবার ভিডিওটিকে ফিরিয়ে আনা হয়েছে। এর জন্য ফেসবুক ক্ষমাপ্রার্থী।

অবশ্যই পড়ুন: ডুরান্ড কাপ দিয়ে পেশাদার ফুটবলে পা রাখছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ! খেলবেন এই দলে

সরকারি সূত্র মারফত খবর, ফেসবুকের তরফে ক্ষমা চাওয়া হলেও গোটা ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্রীয় সরকার। ভিডিওটি আসলে ঠিক কোন কারণে এবং কোন পরিস্থিতিতে সরানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এও শোনা যাচ্ছে, প্রয়োজন হলে ভারতে মেটার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট আধিকারিকদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে সরকার।

Leave a Comment