অনন্যা সরকার, কলকাতা: খালি হাতে তিনি আসেননি! পুলিশ কর্মীদের (West Bengal Police) জন্য একগুচ্ছ খুশির খবর নিয়ে ভবানী ভবনে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ১ লক্ষ নতুন পুলিশ কর্মচারী নিয়োগ হবে বলে রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) ধাঁচে এসআইএ (SIA) ফোর্স গঠন, বকেয়া ডিএ (Dearness Allowance)-র একাংশ মেটানো এবং ৭ম বেতন কমিশন (7th Pay Commission) চালু করা নিয়েও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। তিনি যে খালি হাতে আসেনি তা তার বক্তব্যে প্রকাশ করলেন, পাশাপাশি এও জানালেন যে পরে আরও সুযোগ সুবিধা পাবেন পুলিশ কর্মীরা।
১ লক্ষ নিয়োগ ও ডিএ মেটানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর
বর্তমানে ভারতে জাতীয় স্তরে গড়ে প্রতি ১ লক্ষ জনগণ পিছু ১৫৫ জন পুলিশকর্মী রয়েছে, তবে পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা মাত্র ১০৬। সেখানে যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে ১ লক্ষ জনগণ পিছু ২০০ পুলিশ কর্মী নিযুক্ত রয়েছেন। এই বৈষম্য দূর করতে ‘উত্তরপ্রদেশ মডেল’-কেই অনুসরণ করা হবে বলে ভবানী ভবন থেকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানান, আগামী কয়েকটি অর্থবর্ষে ধাপে ধাপে রাজ্যে ১ লক্ষ নতুন পুলিশকর্মীকে নিয়োগ করা হবে। আইনি জটিলতার জন্য ৪৭ হাজার পদ খালি পড়ে রয়েছে, যা শীঘ্রই পূরণ হতে পারে। প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ হাজার কনস্টেবলকে আসন্ন দুর্গাপুজোর সময় থেকে সরাসরি কর্মক্ষেত্রে নিযুক্ত করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী তিনি, মোট সম্পত্তি কত শুভেন্দু অধিকারীর?
পূর্বতন সরকারের আমলে বকেয়া ডিএ মেটানোর দাবিতে পথে নামেন সরকারি কর্মচারীরা। নতুন সরকার গঠনের পর মহার্ঘ ভাতা নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যে। আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে গঠিত সপ্তম বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ হস্তান্তরিত হবে, আর এরপরই তা দ্রুত কার্যকর করা হবে বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ৪২ শতাংশের ডিএ-এর পার্থক্য দূর করতে প্রথম দফায় আগামী অক্টোবর অর্থাৎ পুজোর মাস থেকেই অতিরিক্ত ২০ শতাংশ ডিএ কার্যকর হচ্ছে পুলিশ কর্মীদের জন্য। এছাড়া, ২০১৭ সাল থেকে অপরিবর্তিত ১,৫০০ টাকার রেশন ভাতা এখন ২,০০০ টাকা করা হয়েছে, যা অক্টোবর থেকেই কার্যকর হবে।
আরও পড়ুন: দুর্নীতি, কাটমানি, তোলাবাজির বিরুদ্ধে জানানো যাবে অভিযোগ, হেল্পলাইন নম্বর চালু রাজ্যের
জাতীয় সন্ত্রাস দমন ও অপরাধ তদন্তকারী সংস্থা এনআইএ-র ধাঁচে ‘স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি’ (SIA) গঠন হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এছাড়া পুলিশের প্রায় ৪ হাজার পুরনো ও ইন্স্যুরেন্স বিহীন যানবাহনকে ধীরে ধীরে সরিয়ে আধুনিক নতুন গাড়িও আনা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।