ফুঁসছে গভীর নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ২ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: সাবধান হয়ে যান, কারণ নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বাংলায় ধেয়ে আসছে আরও প্রবল বৃষ্টি (Weather Today)। ইতিমধ্যে ভোর থেকে কয়েক জায়গা বৃষ্টি পেয়েছে। যদিও যত বেলা করা গড়াবে ততই জেলায় জেলায় বাড়বে ঝড়-বৃষ্টির পরিমাণ। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে কলকাতা হাওড়াসহ দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলায়। গভীর নিম্নচাপের আশঙ্কাও করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অত্যাধিক ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে লাল সর্তকতা। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায়। সেই সঙ্গে ভারী বৃষ্টির দাপট থাকবে হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাদবাকি জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি এদিন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক বৃহস্পতিবার সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি কালিম্পং, দার্জিলিং, জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকবে উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপর অবস্থানকারী ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলানো অবস্থায় রয়েছে। এটি আগামী কয়েক ঘণ্টার মধ্যে একই অঞ্চলে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে, এটি আরও গভীর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ শুক্রবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া,কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে খবর। উত্তরবঙ্গের কথা বললে এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। যদিও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে।

Leave a Comment