প্রীতি পোদ্দার, কলকাতা: বৃষ্টি যেন থামতেই চাইছে না রাজ্য জুড়ে। কখনও রোদ ঝলমলে আকাশ তো কখনও আবার ঘন কালো মেঘ ঘনিয়ে ঝমঝমিয়ে নামছে বৃষ্টি (Rain)। তাপমাত্রা খুব একটা না বাড়লেও অস্বস্তিকর আমেজ থাকছে। এমতাবস্থায় ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকাল (Weather Tomorrow), শুক্রবারও বৃষ্টি নিয়ে বিরাট আপডেট দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, নারনৌল, মধ্য উত্তর প্রদেশের নিম্নচাপ এলাকার কেন্দ্র, দেহরি, পুরুলিয়া ও দীঘার উপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে। এমনকি সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। যদিও আগামীকাল ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। বাকি জেলাগুলিতেও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন: সরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বদল আনল নবান্ন
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আগামীকাল, শুক্রবার, সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়তেই কলকাতা সহ বিভিন্ন এলাকায় শুরু হবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। যদিও কলকাতায় সপ্তাহান্তে কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে সোমবার অর্থাৎ গণেশ পুজোর দিন ফের বৃষ্টি বাড়তে পারে কলকাতায়।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও স্বস্তি নেই উত্তরবঙ্গে। উত্তরের প্রতিটি জেলাতেই কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এক-দু’জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।