সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই একাধিক জায়গায় গেরুয়াকে অপমান করে চলেছে বিরোধীরা। এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগানে ভরিয়ে রাখত বাম ছাত্র সংগঠন। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গেরুয়ার সম্মান রক্ষার্থে গতকাল যাদবপুর এলাকায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করেন, যেখানে হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থকের পাশাপাশি সাধু-সন্তরাও উপস্থিত হন। তবে বিশ্ববিদ্যালয়ের সামনে ভাইরাল হওয়া সাধুদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বিকৃতভাবে পোস্ট করেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। এবার তাঁর বিরুদ্ধেই দায়ের করা হল এফআইআর।
শতরূপের বিরুদ্ধে এফআইআর
হরিপদ ভারতী স্মৃতির রক্ষা কমিটির তরফ থেকে বামফ্রন্ট নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে এবার যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, “গত ৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিচালনায় এবং উপস্থিতিতে ‘গেরুয়া সম্মান যাত্রা’ নামক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই অনুষ্ঠানে অগণিত নাগা সন্ন্যাসী তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য অংশগ্রহণ করেন। নাগা সন্ন্যাসীরা হিন্দুধর্ম ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। অগণিত হিন্দু তাঁদের অত্যন্ত শ্রদ্ধা করেন এবং তাঁদের প্রতি নিজেদের আবেগ জড়িয়ে রাখেন।”
তাঁদের দাবি, “এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের একজন সুপরিচিত রাজনীতিবিদ শতরূপ ঘোষ, ৯ সেপ্টেম্বর রাত প্রায় ৯:৪৫-এ তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করেন, যেখানে নাগা সন্ন্যাসীদের অত্যন্ত অশ্লীল ও ঘৃণামূলকভাবে প্রদর্শন করা হয়। উল্লেখ্য, উক্ত ছবিটির সত্যতা যাচাই করা প্রয়োজন। ছবিটি কি সত্যিই সেইদিন ওই মুহূর্তে তোলা হয়েছিল অথবা এটি বিকৃত বা ফটোশপ করা হয়েছে, সেই বিষয়টি যাচাই করা বাকি। তবে অগণিত ছবির মধ্যে উক্ত ব্যক্তি শুধুমাত্র একটি ছবি পোস্ট করার জন্য বেছে নিয়েছেন, জা নাগা সন্ন্যাসীদের প্রতি ঘৃণা এবং উদাসীনতা জাগিয়ে তোলে।”
আরও পড়ুন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের, মমতার শ্রীরামপুরের সভা স্থগিত করল হাইকোর্ট
অভিযোগে আরও লেখা হয়েছে, “এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ক্যাপশনও রয়েছে, যা পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং নাগা সন্ন্যাসীদের, উভয়ের প্রতি চূড়ান্ত আক্রমণ। এটিকে নাগা সন্ন্যাসীদের সম্মান, সুনাম এবং মর্যাদাকে কলঙ্কিত করার একটি প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে। এটি আমাদের হিন্দুদেরকে আঘাত করেছে। উক্ত ব্যক্তি ছবি শেয়ার করার পর সেটি ছড়িয়ে পড়তে শুরু করে এবং নাগা সন্ন্যাসীদের সরাসরি আক্রমণ করা হয়। এতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখুন।” যদিও এ বিষয়ে শতরূপ ঘোষের তরফ থেকে এখনও কোনও বিবৃতি মেলেনি।