সহেলি মিত্র, কলকাতা: দুর্যোগ যেন বাংলার আকাশ থেকে সরতেই চাইছে না। বরং বিদায় বেলায় আরও। যেন জাঁকিয়ে বসছে। সবথেকে বড় কথা, ১১ই সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি আজ বুধবার থেকে শুরু করে আগামী কয়েকদিন সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে খবর (Weather Today)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলা জুড়ে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আইএমডি কলকাতা। আজকের আবহাওয়া সম্পর্কে বললে আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে জেলায় জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে উল্লেখিত জেলাগুলিতে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক বুধবার সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী,এদিন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। অর্থাৎ উত্তরেও চলবে দুর্যোগ বলে খবর।
আরও পড়ুনঃ “নিয়মের বাস্তব প্রয়োগ চাই” বেআইনি টোটো রুখতে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের
আবহাওয়ার উল্লেখযোগ্য পরিস্থিতি সম্পর্কে বললে, মধ্য সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে ফিরোজপুর, মুজজফরনগর, বস্তি, দেহরি, দীঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ-পূর্বমুখীভাবে বিস্তৃত রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের দিকে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া,ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ দফায় বিক্ষিপ্ত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে খবর। সক্রিয় মৌসুমী বায়ু ও অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগামী পাঁচ দিন উপ-হিমালয় জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আইএমডি জানিয়েছে।