ফ্রিজে পচছে সবজি, নষ্ট হচ্ছে খাবার? একটা কাগজই বলে দিতে পারে সমস্যা কী

অনন্যা সরকার, কলকাতা: ফ্রিজ (Refrigerator) গৃহস্থ বাড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আগের দিনের বেঁচে যাওয়া খাবার থেকে টাটকা শাকসবজি, পছন্দের আইসক্রিম থেকে উপহারে পাওয়া চকলেট – সবই ঠাসাঠাসি করে জায়গা করে নেয় এই ঠান্ডা আলমারির মধ্যে। কিন্তু বেশি ব্যবহারের ফলে অনেক সময় ফ্রিজের দরজা আলগা হয়ে যায়। দরজার বর্ডারে লাগানো এয়ারটাইট রাবারের সিল আর বায়ুরোধ করতে পারে না। ফলে কারেন্ট পোড়া সত্ত্বেও, ফ্রিজের মধ্যে ঠিকমতো ঠান্ডা থাকে না। খাবার তো নষ্ট হয়ই, তার সাথে সাথে ফ্রিজের কম্প্রেসাররের ওপরও অতিরিক্ত চাপ পড়তে থাকে। এবার প্রশ্ন হল এই সমস্যা থেকে উদ্ধার পাবেন কি করে? উপায় আছে, চলুন জেনে নিই। 

ফ্রিজের রাবার সিল খারাপ হয়েছে বুঝবেন কি করে ?

ফ্রিজের রাবারের সিলটি তার বায়ুরোধী ক্ষমতা হারিয়েছে কিনা, তা সহজে বোঝা যায় না। খারাপ যদি না হয়, তাহলে মিস্ত্রি ডেকে সময় নষ্ট। তাই বিশেষজ্ঞরা বলছেন, টেকনিশিয়ানকে ডাকার আগে একবার নিজেরাই এ৪ পেপার টেস্ট (a4 paper door seal test) করে দেখে নিতে পারেন। সামান্য এক টুকরো কাগজ দিয়েই ফ্রিজের দরজার কার্যকারিতা পরীক্ষা করে নেওয়া যায়।

এই পরীক্ষার জন্য জোগাড় করতে হবে একটি এ৪ সাইজ পেপার। তারপর ফ্রিজের দরজা খুলে কাগজটাকে এমনভাবে রাখতে হবে যাতে অর্ধেক অংশ ফ্রিজের বাইরে আর বাকি অংশটা ফ্রিজের মধ্যে থাকে। এবার দরজা বন্ধ করে কাগজটা টেনে বার করার চেষ্টা করতে হবে। যদি টানতে জোর লাগে তাহলে বুঝবেন আপনার ফ্রিজের দরজার রাবার সিলটি ঠিকঠাকই কাজ করছে। 

আরও পড়ুনঃ নীল নদী আর তুষারঢাকা পাহাড়ের মাঝে রয়েছে এক টুকরো স্বর্গ, ঘুরে আসুন ‘জান্সকার’

কিন্তু যদি দেখেন সহজেই কাগজটা বেরিয়ে আসছে বা সেরকম জোরে টান দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তখন বুঝবেন গ্যাসকেট বদলানোর বা পরিষ্কার করার সময় এসে গেছে। ফ্রিজের অবস্থা বুঝে মিস্ত্রি রাখার ব্যবস্থা করতে হবে। দীর্ঘদিনের পুরনো ফ্রিজে এরকম সমস্যা দেখা দিতেই পারে। তাই মাঝেমধ্যেই এই এ৪ পেপার টেস্ট করে ফ্রিজের হাল যাচাই করে নিতে পারেন। 

Leave a Comment