বন্ধ হয়ে যাচ্ছে এই রেশন কার্ড, এখনই এভাবে চেক করুন স্ট্যাটাস

আনিষা চৌধুরী, কলকাতা: বন্ধ হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড (Ration Card)। এটি শুধুমাত্র সরকারি খাদ্যসামগ্রী পাওয়ার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এমনটা কিন্তু নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন প্রয়োজনীয় কাজেও রেশন কার্ড দরকার হয়। এটি একজন নাগরিকের অন্যতম প্রয়োজনীয় ডকুমেন্ট। তাই কার্ডটি সচল রয়েছে কিনা, তা সময় সময় দেখে নেওয়া দরকার। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা বা RKSY-এর আওতায় থাকা গ্রাহকদের ক্ষেত্রে কার্ডের বর্তমান অবস্থা জানাটা ভীষণ জরুরি। কোনও কারণে কার্ড যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে রেশন ব্যবস্থার সুবিধা আর পাওয়া যাবে না। শুধু তাই নয় পাশাপাশি আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে এই তথ্য জানতে এখন আর সরকারি দফতরে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকেই অনলাইনে কার্ডের স্ট্যাটাস দেখা সম্ভব।

RKSY কার্ডের স্ট্যাটাস কেন দেখা প্রয়োজন?

RKSY-এর আওতায় থাকা রেশন কার্ড মূলত RKSY-1 এবং RKSY-2, এই দুই ভাগে বিভক্ত। কার্ডের অন্তর্ভুক্ত প্রয়োজনীয় তথ্য সঠিক না থাকলে বা নির্দিষ্ট প্রক্রিয়ায় কোনওরকম সমস্যা থাকলে সেটি বন্ধ হয়ে যেতে পারে। আধার সংযুক্তিকরণ সংক্রান্ত সমস্যার কারণেও অনেক সময় কার্ডের স্ট্যাটাসে পরিবর্তন আসতে পারে। আবার দীর্ঘদিন রেশন না নিলেও কিন্তু সমস্যা হতে পারে। তাই কার্ডের বর্তমান অবস্থা সব সময় যাচাই করে নেওয়া ভালো। আগে থেকে স্ট্যাটাস জানা থাকলে কোনও সমস্যা দেখা দিলে দ্রুত তার সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।

অনলাইনে কীভাবে জানবেন কার্ডের অবস্থা?

এর জন্য প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোম পেজে গিয়ে e-Citizen বা Special Services বিভাগ থেকে রেশন কার্ড বা আবেদন সংক্রান্ত স্ট্যাটাস দেখার বিকল্পটি বেছে নিতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী রেশন কার্ড নম্বর বা আবেদন সংক্রান্ত যা যা তথ্য চাইবে সেগুলি সব দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মোবাইল নম্বর ব্যবহার করেও তথ্য দেখা যেতে পারে। ক্যাপচা কোড ঠিকভাবে বসিয়ে সার্চ করলেই স্ক্রিনে কার্ডের বর্তমান অবস্থা দেখা যাবে। সেখানে কার্ডটি Active রয়েছে, নাকি Deactivated, সেই তথ্যও জানা যাবে।

আরও পড়ুন: অবশেষে পুরুলিয়ার ছড়রার হবে বিমানবন্দর, মউ স্বাক্ষর হবে এই মাসেই

কার্ড নিষ্ক্রিয় থাকলে কী করবেন?

স্ট্যাটাসে যদি দেখা যায় কার্ড চালু নেই, সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার দরকার নেই। সমস্যার কারণ জেনে নিলেই পুনরায় কার্ড সক্রিয় করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে। আধার সংযুক্ত না থাকলে সরকারি পোর্টালের লিংক আধার উইথ রেশন কার্ড (Link Aadhaar with Ration Card) বিকল্পের মাধ্যমে সেই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। সমস্যায় পড়লে নিকটবর্তী খাদ্য দফতরের অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পেও যোগাযোগ করা যেতে পারে। সব তথ্য ঠিক আছে কিনা, তা মাঝেমধ্যে যাচাই করে রাখলে রেশন কার্ড সংক্রান্ত বিষয়গুলি নিয়ে অযথা সমস্যায় পড়তে হবে না।

 

Leave a Comment