বন্ধ হয়ে যাবে নির্দিষ্ট সরকারি কর্মীদের পেনশন? উদ্বেগ বাড়ল অবসরপ্রাপ্তদের

অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি উদ্বেগজনক খবরে ঘুম উড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (Pensioners)। শোনা যাচ্ছে যে, কিছু অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীর পেনশন বন্ধ করে দেওয়া হতে পারে, কিংবা শুধুমাত্র ২০২৬ সালের পরে অবসর গ্রহণকারীরাই পেনশন সংশোধনের সুবিধা পাবেন। এখন এই দাবি প্রসঙ্গে আরেকটি বড় তথ্য সামনে এসেছে। আসুন বিশদে জেনে নেওয়া যাক।

পেনশন বন্ধ হয়ে যাওয়ার খবর বাড়ালো উদ্বেগ

এনসি-জেসিএম স্টাফ সাইডের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র সমাজ মাধ্যমে প্রচারিত রিপোর্টগুলিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান যে, পেনশন বন্ধ করে দেওয়া বা কিছু অবসরপ্রাপ্ত কর্মচারীকে পেনশন সংশোধন থেকে বাদ দেওয়ার দাবিগুলি একবারে ভিত্তিহীন। শনিবার একটি ভিডিও বার্তা প্রকাশ করে শিব গোপাল মিশ্র পেনশনভোগীদেরকে এই ধরনের গুজবে বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন। ভিডিওতে তিনি এও বলেন যে, বেশ কয়েকজন উদ্বিগ্ন পেনশনভোগী তাঁর সাথে যোগাযোগ করেছিলেন, কারণ সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে পেনশন বন্ধ করে দেওয়া হবে বলে ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছিল।

মিশ্র দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে, এই সমস্ত দাবি সম্পূর্ণ মিথ্যা এবং কোনও সরকারি কর্মচারী ও পেনশনজীবী যেন এতে বিশ্বাস না করেন। তিনি এও জানান যে, সমস্ত পেনশনারদেরই পেনশন চালু থাকবে। বর্তমানে পেনশন সংস্কার নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন: “পশুর চর্বি চলবে না…” প্লাস্টিক নোটের জন্য সংস্থাগুলিকে কড়া শর্ত RBI-র

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় আরেকটি ভুয়ো খবর ভেসে বেড়াচ্ছে। বলা হচ্ছে যে, অষ্টম বেতন কমিশনের অধীনে পেনশন সংশোধনের সুবিধা কেবল ২০২৬ সালের পরে অবসর গ্রহণকারী কর্মচারীরাই পাবেন। এই বিষয়ে শিব গোপালবাবু জানান যে, ২০২৬ সালের আগে বা পরে অবসর গ্রহণকারী পেনশনভোগীদের বিষয়টি বর্তমানে অষ্টম বেতন কমিশনের মধ্যে আলোচনাধীন রয়েছে। অর্থাৎ, পেনশন সংশোধন থেকে পুরোনো পেনশনভোগীদের বাদ দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

জানিয়ে রাখি, সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনার সম্পর্কিত বিষয়গুলিও অষ্টম বেতন কমিশনের সামনে ইতিমধ্যেই উত্থাপন করা হয়েছে। সরকারি কর্মচারীদের সংগঠন এনসি-জেসিএম স্টাফ সাইড (NC-JCM Staff Side) ইতিমধ্যেই দাবি করেছে যে, বর্তমান পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের পেনশন সংশোধনের আওতায় অন্তর্ভুক্ত করা হোক। বর্তমানে, অষ্টম বেতন কমিশনের আওতায় প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী অন্তর্ভুক্ত রয়েছে। 

আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতে শুক্রের গোচরে পাঁচ রাশির কপালে দুর্ভোগ, অর্থহানী ও সম্পর্ক নষ্টের যোগ

বেতন কমিশন সংক্রান্ত অনেক ভুয়া খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাই পেনশনভোগীদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সোশ্যাল মিডিয়ায় প্রচারিত প্রতিটি খবরকেই বিশ্বাস না করা। পেনশন বন্ধ হওয়া বা পেনশন সংশোধন থেকে বাদ পড়ার মতো গুরুত্বপূর্ণ খবর সর্বদা সরকারি সূত্র থেকে যাচাই করে নেওয়া উচিত। শিব গোপাল মিশ্রও বলেন, শুধুমাত্র ইউনিয়নের অফিসিয়াল হ্যান্ডেল বা বিশ্বস্ত সূত্র থেকে প্রকাশিত তথ্যগুলিই বিশ্বাস করার অনুরোধ জানিয়েছেন পেনশনভোগীদের।

Leave a Comment