বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের (Bangladesh) এক মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার রাত দুটো নাগাদ আগুন লাগে পাঁচতলা ভবনটিতে। যে ঘটনায় আহত হয়েছেন অন্তত 63 জন ছাত্র। ইতিমধ্যেই তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত ধোয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন বেশিরভাগ ছাত্র।
ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশে
ওপার বাংলার নারায়ণগঞ্জের ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় আহতদের। জানা গিয়েছে, সোমবার রাতে পাঁচতলা ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। এ প্রসঙ্গে ওই হাসপাতালের আবাসিক সার্জন জানিয়েছেন, আমাদের মধ্যে একজনকে লাইফসাপোর্টে রাখা হয়েছে। মোট চারজনের অবস্থা অত্যন্ত গুরুতর।
যা খবর, মাদ্রাসায় অগ্নিদগ্ধ হননি কোনও পড়ুয়া। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছিল তাঁদের, তারপরেই ভর্তি করা হয় হাসপাতালে। জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশেও। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। পরবর্তী আধঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে আগুন।
আরও পড়ুন: পারেনি ভারতও, টেস্ট ক্রিকেটে বিশ্বের প্রথম দল হিসেবে ইতিহাস লিখল খুদে জিম্বাবুয়ে
এখন প্রশ্ন, ঠিক কীভাবে আগুন লাগলো ওই মাদ্রাসায়? প্রাথমিকভাবে যা জানা গিয়েছে, পাঁচতলা ভবনের দোতলায় লাইব্রেরি এবং অফিসে আগুন লাগে। সেই আগুন পরবর্তীতে ছড়িয়ে পড়ে অন্যত্রও। তবে ঠিক কোন কারণে বা কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পেছনে কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।