প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ, সোমবার, বেলা ১২টায় রাজ্যে বিজেপির সরকার প্রথম বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছে। তাই বাজেট পেশের আগে বিধানসভার মন্দিরে পুজো দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যদিকে অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে তুঙ্গে শুরু হয়েছে আলোচনা। এবারের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগে জোর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
পুজো দিলেন অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারের কাছ থেকে রাজ্যবাসীর প্রত্যাশা অনেক। যদিও আগেই মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে জনস্বার্থের উদ্দেশে একাধিক চমক থাকবে। এদিকে বাজেট পেশের আগে বিধানসভার মন্দিরে পুজো দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সেই ভিডিও বেশ ভাইরাল। অন্যদিকে বাজেটে নজর কেড়েছে বিশেষ ফাইল। ফাইলের কভার মাদুরকাঠি ও জুটের তৈরি। পাশাপাশি ফাইলের ডানদিকে উপরে অশোক স্তম্ভ রয়েছে। নিচে লেখা সত্যমেব জয়তে। এই কারুকার্য দেখে অনেকের মনে প্রশ্ন জাগছে তবে কি মাদুরকাঠি ও জুটের তৈরি ফাইলের মাধ্যমে সরকার কোনও বার্তা দিতে চলেছেন?
কী বলছেন অর্থমন্ত্রী?
হাতে বাজেট ফাইল নিয়ে বাড়ি থেকে বিধানসভার উদ্দেশে রওনা দেওয়ার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,”সবটাই নতুন বার্তা। অনেকটাই নতুন বার্তা। তবে, সব জিনিস তো নতুন হয় না। কিছুটা পুরনোও আছে। সংসদীয় গণতন্ত্র ৭০ বছরের। এটার মধ্যে অনেক ধারাবাহিকতা রয়েছে, আবার অনেকটা পরিবর্তনও রয়েছে। দু’টোই মিশিয়ে আমরা সামনের দিনে চলব।” MSME-র জন্য নতুন পরিকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ, শিল্পনীতিতে আমূল বদলের ঘোষণার সম্ভাবনা যে রয়েছে এবারের বাজেটে তা বেশ বোঝা যাচ্ছে।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী এভিনিউর নাম পরিবর্তননের বিরোধিতায় CPM, সরকারকে তুলোধোনা বামেদের
প্রসঙ্গত, অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে যেমন তুঙ্গে চলছে আলোচনা, ঠিক তেমনই আবার বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগ নিয়েও জোর জল্পনা বাড়ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলির কতটা প্রতিফলিত হবে নতুন সরকারের এ বারের বাজেটে? রাজ্যকে শিল্পমুখী করতেই বা কী পদক্ষেপ করবে বিজেপির সরকার? সরকারি কর্মীদের মহার্ঘভাতা নিয়ে থাকবে কি কোনও ঘোষণা? তা নিয়ে আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জনমানসে। এছাড়াও নজর থাকবে অন্নপূর্ণ বাজেট বা যুবশক্তি। সেই প্রকল্প নিয়ে সরকারের কোনও নতুন ঘোষণা থাকে কি না সেটাই দেখার।