প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষা প্রাঙ্গণে দেখা গেল অন্য চিত্র! রাতের বেলায় স্কুলের ক্লাসঘরেই সংসার পেতে বসবাস করতে দেখা গেল প্রধান শিক্ষককে। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা-২ ব্লকের (Chandrakona) বান্দিপুর ১ পঞ্চায়েতের ঝাঁকরা হাইস্কুলে। দিনের পর দিন পড়ুয়াদের স্কুলঘর দখল করে কীভাবে এক প্রধান শিক্ষক থাকছেন (Headmaster Occupies School Room), তা নিয়ে বহু আগেই চর্চা হয়েছিল এলাকায়। কিন্তু কোনো কথাই শোনেননি তিনি। এমতাবস্থায়, গত রবিবার রাতে স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখায় এলাকার মানুষ।
স্কুলেই সংসার পেতে বসেছেন প্রধান শিক্ষক
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিগত কয়েক মাস ধরে পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত চন্দ্রকোণা-২ ব্লকের ঝাঁকরা হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। জানা গিয়েছে, প্রধান শিক্ষক সুকুমার মণ্ডল নাকি স্কুলের সময় শেষ হয়ে যাওয়ার পরেও রাতে রীতিমতো বালিশ বিছানা নিয়ে সেখানেই থাকেন।এদিকে তাঁর বাড়ি খাঁপুর গ্রামে। স্কুল থেকে বাড়ির দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। কিন্তু তবু তিনি বাড়ি যেতেন না, স্কুলের দোতলায় একটি ঘরে বসবাস করতেন। সেখান রান্নার বাসনপত্র-সব রয়েছে। স্কুলের নথিপত্র সেখানেই রাখা থাকে। এই নিয়ে এর আগে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেননি প্রধান শিক্ষক।
তুমুল বিক্ষোভ স্থানীয়দের
স্থানীয়দের অভিযোগ, অন্য শিক্ষকেরা স্কুল ছুটির পরে বাড়ি চলে যান। প্রধান শিক্ষক কী করে দিনের পর দিন স্কুলের ঘর দখল করে বসবাস করছেন? অনেকে আবার অভিযোগ করেছেন যে সন্ধ্যার পরে স্কুলে নাকি বেশ কিছু মহিলা আসেন এবং তাঁদেরকে উনি মিড-ডে মিলের চাল বিক্রি করেন। যদিও সেই সকল অভিযোগ প্রধান শিক্ষক অস্বীকার করেছেন। এমতাবস্থায় ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার রাতে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ। শেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়েছিলেন চন্দ্রকোণা থানার পুলিশ। প্রধান শিক্ষক সুকুমার বলেন, “আমার নিজের জন্য আমি স্কুলে থাকি না। স্কুলের স্বার্থেই থাকি। স্কুলে চুরির সম্ভাবনা থাকে। স্কুলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি দিনরাত পরিশ্রম করি।”
আরও পড়ুন: মুগুড়ের হুঁশিয়ারি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! রেজিনগরে গ্রেফতার হুমায়ুন কবীর
স্থানীয়দের দাবি, “অন্যান্য সাধারণ স্কুলের মতোই এই স্কুল চলুক, ঘর দখলমুক্ত হোক। আর ওঁর বিরুদ্ধে যা দুর্নীতির অভিযোগ রয়েছে তার সঠিক তদন্ত করা হোক।” এদিকে ঝাঁকরা হাইস্কুলের পরিচালন কমিটির দায়িত্বভার প্রশাসক হিসাবে সামলাচ্ছেন চন্দ্রকোণা-২ ব্লকের ঝাঁকরা চক্রের স্কুল পরিদর্শক সৌমেন মণ্ডল। গোটা ঘটনার অভিযোগ পাওয়ার পর তিনি বলেন, “স্কুলের নিজস্ব হোস্টেল নেই। রাতের বেলা এভাবে সংসার পাতিয়ে স্কুলে থাকা যায় না। বিষয়টি আমি শুনেছি, খোঁজ নিচ্ছি।”