বাতিল হবে এদের রেশন কার্ড! ডিলারদের শরণাপন্ন খাদ্য দফতর

অনন্যা সরকার, কলকাতা: বিশেষ নিবিড় সংযোজন প্রক্রিয়া বা এসআইআর (SIR Process) তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের এবার রেশন কার্ড (Ration Card) বাতিল করা হবে বলে ঘোষণা করেছে খাদ্য দপ্তর। বাতিলকরণের এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে ভোটার লিস্ট থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড চিহ্নিত করার জন্য খাদ্য দপ্তরের (Department of Food & Supplies) স্থানীয় অফিসাররা রেশন ডিলারদের কাছে সাহায্যে চেয়েও সেভাবে সাড়া পাচ্ছেন না। সরকারি নির্দেশিকা আসলে ভেবে দেখবেন বলে জানিয়েছে ডিলাররা।

আধিকারিকদের সাহায্য করতে আগ্রহী নন রেশন ডিলাররা

এসআইআর-এ নাম বাদ যাওয়া ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করার জন্য ছুটির দিনগুলিতে খাদ্য দপ্তরের স্থানীয় অফিসে ডিলারদের সাথে বৈঠক করছেন আধিকারিকরা। অনেক ডিলার সেখানে বলছেন, যখন রেশন কার্ড বাতিল সংক্রান্ত নির্দেশিকা দপ্তরের তরফে জারি করা হবে, তখন তারা ভেবে দেখবেন। জানা গেছে খাদ্য দপ্তরের স্থানীয় আধিকারিকরা ইলেকশন কমিশনের অফিস থেকে এসআইআর-এ বুথ ভিত্তিক বাদ পড়া নামের তালিকা জোগাড় করেছেন। কিন্তু এই তালিকায় ওই ব্যক্তিদের রেশন কার্ড নাম্বার বা কোন দোকান থেকে রেশন সংগ্রহ করেন তার কোন তথ্য নেই। তাই ওই নির্দিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করার জন্য রেশন ডিলারদের কাছে সাহায্য প্রার্থী হয়েছেন আধিকারিকরা।

রেশন ডিলারদের পক্ষ থেকে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন’(AIFPSDF)-এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, খাদ্য দপ্তরের আধিকারিকরা এসআইআর তালিকায় বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড থেকে বাতিল করার জন্য ডিলারদের কাছে মৌখিকভাবে সাহায্য চাইছেন। কিন্তু এই বিপুল কর্মকান্ডে সাহায্য করার ডিলারদের পক্ষে সম্ভব নয়। এই কাজ করার জন্য তারা ন্যায্যভাবে আর্থিক দাবি করেছেন, যা কেন্দ্র বা রাজ্য – কোনও সরকারি মানছেন না। এতে তাদের কোনও অর্থনৈতিক সুবিধা হবে না। যদিও এর আগে আধার লিঙ্ক-এর সময় ডিলারদের নির্দিষ্ট হারে টাকা দিয়েছিল সরকার।

রেশন গ্রাহকদের ডেটাবেসে বাদ পড়া ভোটারদের চিহ্নিত করার জন্য খাদ্য দপ্তরের পোর্টালে একটি মডিউল তৈরি করা হয়েছে। এই মডিউল থেকে নাম বাদ দেওয়ার কাজটি করবেন খাদ্য দপ্তরের ইন্সপেক্টররা। তবে, উচ্চতর অফিসাররা এর প্রক্রিয়াটি ঠিকভাবে চলছে কিনা তা তদারকি করবেন। নাম বাদ নিয়ে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুনঃ শুরু হল রাজ্যের ১ কোটি ৬৯ লক্ষ কাস্ট সার্টিফিকেট যাচাই, কড়া নির্দেশিকা নবান্নের

এসআরআর তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের মধ্যে যারা ট্রাইব্যুনালে বা নাগরিকত্বের জন্য সিএএ (CAA)-এর মাধ্যমে আবেদন করেছেন, তাদের রেশন কার্ড আপাতত বাতিল হচ্ছে না। তবে তাদের আবেদনের প্রমাণপত্র দেখাতে হবে। এটি পোর্টালে আপলোড করবেন আধিকারিকরা। কিন্তু এইসব পদক্ষেপের জন্য সবার প্রথমে ব্যক্তিদের চিহ্নিত করা প্রয়োজন। খাদ্য দপ্তর জানিয়েছেন যে, যেসমস্ত মৃত ও স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাতিল হয়েছে ভোটার তালিকা থেকে, তাদের মধ্যে বেশিরভাগেরই রেশন কার্ড আগেই ব্লক বা বাতিল হয়ে গেছে। কারণ ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য রেশন কার্ড সারেন্ডার করতে হয় এবং একটি কার্ড থেকে দীর্ঘদিন রেশন তোলা না হলে কার্ড ব্লক করে দেওয়া হয়।

Leave a Comment