প্রীতি পোদ্দার, কলকাতা: নাবালিকা ধর্ষণকাণ্ডে এখনও উত্তাল বারুইপুর (Baruipur Minor Rape Case)। দোষীদের শাস্তির দাবি তুলে ক্রমেই বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। রীতিমত দফায় দফায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় রাস্তায় নামানো হয়েছে পুলিশ। এমতাবস্থায় নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১। এই নিয়ে বারুইপুরকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ২। রাতভর অভিযানে আটক করা হয়েছে ৩ জনকে। চলছে জিজ্ঞাসাবাদ। তদন্তের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ষষ্ঠ শ্রেণিতে পাঠরত ১১ বছরের নাবালিকা। পরিবারের দাবি, এরপর আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। শেষে গতকাল অর্থাৎ রবিবার সকালে বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েত এর সূর্যপুর হাট এলাকায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকার দেহ। অভিযোগ, ধর্ষণ করে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আর তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। নাবালিকা খুনের অভিযোগে গতকালই গ্রেফতার করা হয়েছিল এক অভিযুক্তকে। আজ তাঁকে হাজির করানো হবে বারুইপুর আদালতে। অন্যদিকে রাতেই আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। এবং আটক করা হয় আরও তিন জনকে।
তিনটি পৃথক মামলা দায়ের এই ঘটনায়
বারুইপুর কাণ্ডে ইতিমধ্যে ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল SIT গঠন করা হয়েছে। যদিও নাবালিকাকে ধর্ষণ এবং খুন করার অভিযোগ নিয়ে এখনই কোন মন্তব্য করেনি পুলিশ। রবিবার রাতেই নাবালিকার দেহের ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে খুনের কারণ। এখনও পর্যন্ত সর্বমোট তিনটি পৃথক মামলা রুজু হয়েছে। একটি হল নাবালিকাকে খুনের অভিযোগে একটি মামলা, যুবককে পিটিয়ে খুনের ঘটনায় একটি মামলা এ ছাড়াও পুলিশের উপর হামলার অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন। এমনকি দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে আশ্বস্ত করেছেন আইজি কঙ্করপ্রসাদ বারুই।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার পুরো টাকাই দুঃস্থের হাতে তুলে দিলেন রায়গঞ্জের মহিলা, প্রশংসা বাংলাজুড়ে
প্রসঙ্গত, ধর্ষণ কাণ্ডের ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুরে যেতে চেয়েছিলেন। কিন্তু সেখানে যেতে তাঁকে বাঁধা দেওয়া হয়েছিল। এমনকি তাঁর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করেছিল। যদিও গতকাল রাতে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফোনেও কথা বলেছেন মমতাও। এখন দেখার এই ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয়।