বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2027 শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের মালিকানা নিয়ে উঠে আসছে বড় খবর! তাহলে কি বিক্রি হয়ে যাচ্ছে KKR? জল্পনা বেড়েছে, কলকাতার অংশীদারিত্ব কিনতে পারে বিশ্বের অন্যতম বড় বিকল্প সম্পদ ব্যবস্থাপনা সংস্থা Ares Management। কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অংশীদারিত্ব কেনা নিয়ে দু-পক্ষের মধ্যে নাকি ইতিমধ্যেই চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। যদিও এ নিয়ে শাহরুখ খানের ম্যানেজমেন্ট বা ফ্রাঞ্চাইজির তরফে কিছুই জানানো হয়নি।
বিক্রি হয়ে যাচ্ছে KKR?
কলকাতা নাইট রাইডার্স দলের অংশীদারিত্ব অধিগ্রহণের সম্ভাব্য চুক্তির খবর প্রথম প্রকাশ্যে এসেছিল গত আগস্ট মাসে। মানি কন্ট্রোলের একটি রিপোর্টে Ares Management-এর KKR-এ অংশীদারিত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য সামনে আসে। তবে KKR এর ঠিক কত শতাংশ অংশীদারিত্ব বিক্রি হবে বা চুক্তির সম্পূর্ণ কাঠামো প্রসঙ্গে কোনও স্পষ্ট তথ্য মেলেনি। নাইট রাইডার্স ম্যানেজমেন্টের তরফেও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
বলাই বাহুল্য, শাহরুখ খান, জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতা সহ বর্তমান মালিকানা গোষ্ঠীর অধীনে থাকা কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম জনপ্রিয় একটি দল। ইতিমধ্যেই তিনবার ট্রফি জিতে ফেলেছে তারা। কাজেই KKR এর মালিকানায় নতুন করে কোনও বড় বিনিয়োগকারী প্রবেশ করলে তা ভারতীয় ক্রিকেট মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে ভোট দিয়ে জাতিসংঘে ফিলিস্তিনের পাশে দাঁড়াল ভারত
প্রসঙ্গত, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যর্থতা নিয়ে ফিরতে হলেও আসন্ন IPL এ পুরোপুরি তৈরি হয়েই নামছে কলকাতা নাইট রাইডার্স। তার আগে একজন দক্ষ অধিনায়ককে নিয়োগ করতে হবে তাদের। এছাড়াও দলে আনতে হবে বেশ কিছু বদল। তবে তার আগে যদি কলকাতার মালিকানায় বদল আসে সেক্ষেত্রে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও Ares Management-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।