সৌভিক মুখার্জী, কলকাতা: বিস্কুট তৈরিতে ব্যবহার করা হচ্ছে পশুখাদ্য। অভিযোগ পাওয়ার পরপরই তৎপর খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। আপাতত স্থগিত করা হল ওই সংস্থার লাইসেন্স। সূত্রের খবর, প্রিয়াগোল্ড বিস্কুটের (Priya Gold Biscuit) সহযোগী প্রস্তুতকারক সংস্থা সূর্য ফুড অ্যান্ড এগ্রো লিমিটেডের বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছে এফএসএসএআই। এমনকি খাদ্য সুরক্ষা বিধি মেনে না চলার পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রেও একাধিক অনিয়ম ধরা পড়েছে।
পশুখাদ্য দিয়ে বানানো হচ্ছে বিস্কুট
প্রিয়াগোল্ড বিস্কুটের সহযোগী ওই সংস্থার বিরুদ্ধে একটি অভিযোগের ভিত্তিতেই কারখানা পরিদর্শন করে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। সেখানে গিয়ে আধিকারিকরা দেখতে পান, বিস্কুট তৈরিতে ফাইবারের উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছিল গবাদি পশুর খাদ্য অর্থাৎ ভুসি। এমনকি সেগুলি নিষিদ্ধ চটের বস্তায় রাখা ছিল বলেও অভিযোগ। পরিদর্শন চালিয়ে খাদ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত একাধিক গুরুতর ত্রুটি খুঁজে পাওয়ার পর সংস্থার লাইসেন্স আপাতত স্থগিত করা হয়েছে।
তবে শুধু ভুসি ব্যবহার নয়, ওই কারখানার বিরুদ্ধে একাধিক ত্রুটি নজরে আসে। যার মধ্যে উল্লেখযোগ্য হল অপর্যাপ্ত স্বাস্থ্যবিধি, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ঘাটতি, কাঁচামাল সংরক্ষণ, কর্মীদের স্বাস্থ্যবিধি বজায় না রাখা এবং কারখানা চত্বরে রক্ষণাবেক্ষণের প্রভাব। এছাড়া উৎপাদনের সময় ব্যবহৃত অন্তর্বর্তী ফর্মুলেশন পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি চিহ্নিত করেছেন খাদ্য নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় নতুন ৮ লাখ উপভোক্তা, বাদ পড়লেন এরা
একসঙ্গে এতগুলি ত্রুটি ধরা পড়ায় ওই সংস্থার বিরুদ্ধে খাদ্যপণ্যের গুণগত মান এবং উৎপাদন প্রক্রিয়ার স্বাস্থ্যবিধি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আবার অন্যদিকে ফুল, ক্রিম ও দুধের নমুনা সংশ্লিষ্ট পরীক্ষায় গাফিলতি ধরা পড়া ডডলা ডেয়ারি লিমিটেডের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। খাদ্য নিয়ন্ত্রক সংস্থার দাবি, পরীক্ষাগারের রিপোর্টে দুধের নমুনায় ডিটারজেন্ট বা কস্টিক সোডা ব্যবহার করার অভিযোগ মিলেছে। এমনকি দুধে ফ্যাটের পরিমাণ নির্ধারিত মানের চেয়ে অনেকটাই কম ছিল।