বেতন ৯২,৩০০! উচ্চ মাধ্যমিক পাশে SSC-তে CHSL নিয়োগ, চলছে আবেদন

আনিষা চৌধুরী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের (SSC) তরফে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল এগজামিনেশন, ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (SSC CHSL Recruitment 2026)। এই নিয়োগের মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA), ডেটা এন্ট্রি অপারেটর (DEO) এবং ডিইও গ্রেড ‘এ’ পদে প্রার্থী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সব মিলিয়ে প্রায় ২,৫৩৬টি শূন্যপদ রয়েছে। এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে হায়ার সেকেন্ডারি অর্থাৎ দ্বাদশ শ্রেণি বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ ৭ অক্টোবর ২০২৬।

শিক্ষাগত যোগ্যতা

SSC CHSL ২০২৬-এ আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ, দ্বাদশ শ্রেণি পাশ প্রার্থীরাই এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

কারা আবেদন করতে পারবেন?

SSC CHSL ২০২৬-এর যোগ্যতা নির্ধারণ করা হবে ৭ অক্টোবর ২০২৬-এর ভিত্তিতে। জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা এই বিষয়গুলি যোগ্যতা নির্ধারণে বিশেষভাবে বিবেচিত হবে।

  • ভারতের নাগরিকরা আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
  • নেপাল বা ভুটানের নাগরিকরা নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারবেন।
  • এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন, যারা নির্দিষ্ট কয়েকটি দেশ থেকে ভারতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এসেছেন।
  • এছাড়া আবেদনকারীর কাছে ভারত সরকারের দেওয়া এলিজিবিলিটি সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা কত?

SSC CHSL রিক্রুটমেন্ট ২০২৬-এ আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করা হবে ১ আগস্ট ২০২৬-এর ভিত্তিতে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ২ আগস্ট ১৯৯৯-এর আগে হলে এবং ১ আগস্ট ২০০৮-এর পরে হলে, তারা আবেদন করতে পারবেন না। তবে সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

  • এসসি/এসটি: ৫ বছর
  • ওবিসি: ৩ বছর
  • পিডব্লিউবিডি: ১০ বছর
  • পিডব্লিউবিডি (ওবিসি): ১৩ বছর
  • পিডব্লিউবিডি (এসসি/এসটি): ১৫ বছর
  • এক্স-সার্ভিসমেন (ইএসএম): ১ আগস্ট ২০২৬-এর নির্ধারিত বয়স থেকে সামরিক পরিষেবার সময় বাদ দেওয়ার পর ৩ বছর পর্যন্ত ছাড়
  • সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ: অন্তত ৩ বছর নিয়মিত চাকরি থাকলে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত বয়সে ছাড় থাকবে।

পাশাপাশি, বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)-এর শূন্যপদগুলিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

পারিশ্রমিক বা বেতন কত?

SSC CHSL-এর মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের সপ্তম সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী বিভিন্ন পে লেভেলে বেতন দেওয়া হবে। এলডিসি/জেএসএ-এর ক্ষেত্রে পে লেভেল-২ অনুযায়ী বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা। ডিইও-এর পদ অনুযায়ী পে লেভেল-৪ এবং পে লেভেল-৫-এ বেতন দেওয়া হবে। এছাড়া পে লেভেল-৪ অনুযায়ী দেওয়া হবে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা এবং পে লেভেল-৫ অনুযায়ী ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত বেতন মিলবে। তবে ইন-হ্যান্ড বা গ্রস স্যালারির নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি।

আবেদন ফি কত?

SSC CHSL ২০২৬-এর জন্য আবেদন করতে গেলে ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। তবে মহিলা প্রার্থী এবং সংরক্ষণের আওতায় থাকা এসসি, এসটি, পিডব্লিউবিডি ও এক্স-সার্ভিসমেন (ESM) প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না। ৮ অক্টোবর ২০২৬ রাত ১১টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। একবার ফি জমা দিয়ে দিলে সেটা আর ফেরত দেওয়া হবে না।

নিয়োগ প্রক্রিয়া কী?

SSC CHSL ২০২৬-এর নির্বাচন হবে দুটি কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে।

টিয়ার ১:

  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ (বেসিক নলেজ): ২৫টি প্রশ্ন, ৫০ নম্বর
  • জেনারেল ইন্টেলিজেন্স: ২৫টি প্রশ্ন, ৫০ নম্বর
  • কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড (বেসিক অ্যারিথমেটিক স্কিল): ২৫টি প্রশ্ন, ৫০ নম্বর
  • জেনারেল অ্যাওয়ারনেস: ২৫টি প্রশ্ন, ৫০ নম্বর

পরীক্ষার মোট সময় ৬০ মিনিট। প্রশ্নগুলি অবজেক্টিভ টাইপ এবং মাল্টিপল চয়েস ভিত্তিক হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে নেগেটিভ মার্কিং থাকবে।

টিয়ার ২:

  • সেকশন-১: ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিজ এবং রিজনিং ও জেনারেল ইন্টেলিজেন্স
  • সেকশন-২: ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কমপ্রিহেনশন এবং জেনারেল অ্যাওয়ারনেস
  • সেকশন-৩: কম্পিউটার নলেজ টেস্ট
  • সেকশন-৪: ডিইও পদের জন্য স্কিল টেস্ট এবং এলডিসি/জেএসএ পদের জন্য টাইপিং টেস্ট

টিয়ার-২-এর প্রতিটি সেকশনে যোগ্যতা অর্জন করা বাধ্যতামূলক। সেকশন-১ এবং সেকশন-২-তে প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর করে নেগেটিভ মার্কিং থাকবে।

কবে থেকে আবেদন শুরু?

  • অনলাইন আবেদন শুরু: ৭ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৬, রাত ১১টা
  • অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা
  • আবেদন সংশোধনের সুযোগ: ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০২৬, রাত ১১টা পর্যন্ত
  • টিয়ার-১ পরীক্ষার তারিখ: পরবর্তীতে জানানো হবে
  • টিয়ার-২ পরীক্ষার তারিখ: পরবর্তীতে জানানো হবে

কীভাবে আবেদন করবেন?

SSC CHSL ২০২৬-এর আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। এর জন্য,

১. প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in অথবা ‘মাই এসএসসি’ মোবাইল অ্যাপ খুলুন।

২. নতুন এসএসসি ওয়েবসাইটে ওয়ান-টাইম রেজিস্ট্রেশন (OTR) সম্পূর্ণ করুন। আগের এসএসসি ওয়েবসাইটে তৈরি করা ওটিআর এখানে ব্যবহার করা যাবে না।

৩. এরপর লগ ইন করে SSC CHSL ২০২৬-এর অনলাইন আবেদনপত্র খুলুন।

৪. প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।

৫. ওটিআর করার সময় আধার-বেসড অথেন্টিকেশন বেছে নেওয়ার সুযোগ থাকবে।

৬. আবেদন মডিউলে দেওয়া নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং নিজের ছবি ক্যাপচার করুন।

৭. উপরিক্ত বিষয়গুলি সম্পন্ন হলে, অনলাইনে ১০০ টাকা আবেদন ফি জমা দিন। ফি জমা দেওয়ার শেষ সময় ৮ অক্টোবর ২০২৬ রাত ১১টা।

৮. সব তথ্য যাচাই করে আবেদনপত্র সাবমিট করুন।

৯. ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট করিয়ে রেখে দিন।

আবেদনের ক্ষেত্রে কী কী মনে রাখতে হবে?

  • আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। অফলাইনে আবেদন গ্রহণ করা হবে না।
  • প্রার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী সর্বোচ্চ তিনটি পরীক্ষাকেন্দ্র বেছে নিতে পারবেন।
  • একবার জমা দেওয়া আবেদন ফি ফেরতযোগ্য নয় এবং অন্য পরীক্ষার সঙ্গে সেটি সমন্বয় করা যাবে না।
  • ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন সংশোধনের সুযোগ থাকবে।
  • সংশোধনের সময় সর্বোচ্চ দু’বার আবেদনপত্রে মডিফিকেশন/রিসাবমিশন করা যাবে।
  • যেসব আবেদনকারীর ফি জমা পড়েছে অথবা যারা ফি থেকে ছাড় পেয়েছেন, শুধুমাত্র তারাই কারেকশন উইন্ডোর সুবিধা নিতে পারবেন।
  • ফি জমা না পড়ার কারণে কোনও আবেদন যদি ‘ইনকমপ্লিট’ অবস্থায় থেকে যায়, তা সরাসরি বাতিল করা হবে।
  • টিয়ার-১ এবং টিয়ার-২ পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে এসএসসির তরফে জানানো হবে।

আরও পড়ুন: অযোগ্যরা আবাস যোজনার টাকা না ফেরালেই জেল, স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের

প্রসঙ্গত, SSC CHSL ২০২৬-এর মাধ্যমে নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দফতর এবং অফিসে। চাকরির স্থান ভারতের বিভিন্ন প্রান্তে হতে পারে। তাই আবেদন করার আগে যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি এবং অন্যান্য নির্দেশিকা ভালোভাবে দেখে নেওয়া জরুরি।

SSC CHSL Notification: Download Now

Leave a Comment