“বৈভব সূর্যবংশী এখনও বাচ্চা” বিরাট মন্তব্য শিবম দুবের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এত অল্প বয়সে ক্রিকেটেই পা রাখার সাহস পান না অনেকে। সেই বয়সে জাতীয় দলে সুযোগ পেয়ে গিয়েছেন তিনি। টিম ইন্ডিয়ায় (Team India) জায়গা করে নিতেই ধীরে ধীরে বাকি প্লেয়ারদের সাথে মানিয়ে নিয়েছেন বৈভব। প্রায়শই দলের সতীর্থদের সাথে বৈভব সূর্যবংশীর নানান খুনসুটির দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার সেসব নিয়েই মুখ খুললেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য শিবম দুবে। তাঁর কথায়, বৈভব এখনও বাচ্চাই আছে।

বৈভবকে নিয়ে মুখ খুললেন শিবম

সম্প্রতি নিউজ 18 এর একটি শোতে বৈভব প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল শিবম দুবেকে। উত্তরে শিবম দুবে খোলাখুলি জানান, “আমি এরকম প্রতিভা দেখিনি। বৈভব অসাধারণ। আমার মনে হয় ক্রিকেটে ওর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। অবশ্যই এখন ভারতীয় দলের একাদশে সুযোগ পাচ্ছে না ও, কারণ দুই অভিজ্ঞ ওপেনার বহু বছর ধরে দেশের জন্য রান করে আসছেন। তাই তাঁরা সুযোগ পাচ্ছে না। তবে খুব শীঘ্রই বৈভবও সুযোগ পাবে।”

দুবেকে প্রশ্ন করা হয়, বৈভব সূর্যবংশীর সাথে তাঁর কেমিস্ট্রি কেমন? ড্রেসিংরুমে সে কীভাবে বাকিদের সাথে মেশে? এ কথা শুনেই শিবম জানান, “যদি ড্রেসিংরুমের কথা বলি তবে হ্যাঁ, বৈভব এখনও বাচ্চা! সারাদিন মজা করে। ছোট বাচ্চারা যেমন করে ও ঠিক তেমনই। সত্যি ও বাচ্চাই আছে।” সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে, কোথাও বৈভবকে দেখা গিয়েছে অভিষেক শর্মার চুল ঠিক করে দিচ্ছেন, কোথাও আবার দেখা গিয়েছে ইশান কিষাণ বা তিলক বর্মা, শিবম দুবেদের সাথে ইয়ার্কি মারছেন। সব মিলিয়ে, জাতীয় দলে নিজেকে মানিয়ে নিয়েছেন সূর্যবংশী।

 

আরও পড়ুন: অভিষেক নন, অরূপ বিশ্বাসের নির্দেশেই জমা করা হয় টাকা! পাল্টি মারলেন সুমিত রায়

উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটিতেও সুযোগ হয়নি বৈভবের। এর কারণ অবশ্য দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার জুটি। আসলে আফগানিস্তান সিরিজে এই দুই প্লেয়ারের ওপেনিং জুটি ভাঙতে চায়নি বোর্ড। মূলত সে কারণেই সুযোগ হয়নি বৈভব সূর্যবংশীর। তাঁকে বসে থাকতে হয়েছে বেঞ্চে। তবে এশিয়ান গেমসের ভারতীয় দলে রয়েছেন বৈভব। কিন্তু মাঠে নামবেন কিনা সেটা এখন লাখ টাকার প্রশ্ন।

Leave a Comment