ব্যবসার জন্য মিলবে ১০ লক্ষ, ফেরাতে হবে মাত্র ৫ লাখ! দারুণ স্কিম পশ্চিমবঙ্গ সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে রাজ্যবাসীর জন্য। বিশেষ করে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামাকে আরও মজবুত করতে আর ছোট ব্যবসায়ীদের আর্থিক সংকট দূর করার জন্য এবার বিশেষ সুবিধা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, রাজ্যজুড়ে কর্মসংস্থান বৃদ্ধি আর নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য বাজেটে ঘোষণা করা হয়েছে বাংলা উদ্যম ক্রেডিট কার্ড প্রকল্প (Udyam Credit Card)। যার মাধ্যমে বেকার যুবক-যুবতীরা নতুন স্টার্টাপ, ক্ষুদ্র বা কুটির শিল্প কিংবা ব্যবসা শুরু করতে পারবে। এমনকি এর জন্য দেওয়া হবে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।

রাজ্য সরকারের মানবিক উদ্যোগ উদ্যম ক্রেডিট কার্ড

রাজ্যজুড়ে ছোট এবং মাঝারি ব্যবসাগুলিকে সম্প্রসারিত করার জন্যই ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে সরাসরি এই প্রকল্পকে যুক্ত করা হয়েছে। জানা গিয়েছে, এটি একটি আর্থিক পরিষেবা যেখানে ক্ষুদ্র শিল্প সংস্থাগুলিকে ঋণ প্রদান করা হয়। এমনকি খুব সহজ শর্তে ঋণ মেলে এই প্রকল্পে। এর জন্য বড় কোনও সম্পত্তি কিংবা সোনাগয়না বন্ধক রাখার দরকার পড়ে না। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। যার মাধ্যমে মোট ২ থেকে ৫ লক্ষ তরুণ উদ্যোক্তা উপকৃত হবেন।

মিলবে ৫ লক্ষ টাকা সরকারি ভর্তুকি

প্রসঙ্গত, এই প্রকল্পে অর্ধেক অর্থাৎ ৫ লক্ষ টাকা সরাসরি নন রিফান্ডেবল ভর্তুকি হিসেবে দেওয়া হয়। অর্থাৎ এই টাকা উপভোক্তাদের ফেরত দেওয়া লাগে না। কিন্তু বাকি ৫ লক্ষ টাকা দেওয়া হয় সম্পূর্ণ সুদমুক্ত হিসেবে ঋণ। আর ব্যবসা পুরোপুরি চালু হওয়ার পর সহজে ইএমআই-র মাধ্যমে সেই কিস্তির টাকা পরিশোধ করা যায়। তবে এই সুবিধার ফলে যে নতুন উদ্যোক্তাদের উপর অতিরিক্ত সুদের বোঝা মুকুব হবে তা বলার অপেক্ষা রাখে না।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীদের কিছু শর্ত পূরণ করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
  • আবেদনকারীকে বর্তমানে বেকার যুবক-যুবতী বা নতুন উদ্যোক্তা কিংবা মহিলা ব্যবসায়ী হতে হবে।
  • সিবিল স্কোর ভালো থাকা বাধ্যতামূলক।
  • আবেদনের সময় ব্যবসার একটি রূপরেখা বা বিজনেস প্ল্যান সরকারকে জমা দিতে হবে।

আরও পড়ুন: কোটি কোটি টাকা জালিয়াতি, নীরব মোদির ভারতে প্রত্যর্পণ শুধু সময়ের অপেক্ষা

আবেদন প্রক্রিয়া

এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এ বিষয়ে আবেদনের নির্দেশিকা জারি করা হয়নি। কিন্তু আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই অনলাইন পোর্টাল চালু করা হবে, এবং সেই পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে। তবে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের আধার কার্ড, প্যান কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বিজনেস প্ল্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ইত্যাদি দরকার পড়তে পারে।

Leave a Comment