বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যাবে তো মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে। গত সিজেনে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) থাকলেও মাঠে নামেননি থালা। যার জেরে ধোনিকে খেলতে দেখার স্বপ্ন কার্যত ভেঙে চুরমার হয়েছিল সমর্থকদের। আসন্ন সিজেনে কি সেটা পূরণ হবে? এমন প্রশ্নের মাঝেই উঠে এলো নতুন খবর। কয়েকটি রিপোর্ট বলছে, 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রিকেটার হিসেবে অবসর নিয়ে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করতে পারেন মাহি।
চেন্নাইয়ের মেন্টর হবেন ধোনি?
2020 সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে পছন্দের ক্রিকেটারকে দেখা যাচ্ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ধোনি মাঠে নামলেই দর্শকদের গলা ফাটানো চিৎকারে কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় হয় বাকিদের! সেই মাহিকেই গত সিজেনে মাঠে দেখা যায়নি। শোনা গিয়েছিল, চোট এবং ফিটনেসজনিত কিছু কারণে চেন্নাইয়ের হয়ে মাঠে নামতে পারেননি তিনি।
বলাই বাহুল্য, ধোনি যে 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলেই অবসর নেবেন সেটা জানা গিয়েছিল আগেই। তবে এ নিয়ে অবশ্য কিছুই খোলসা করেননি মাহি। ফলে ভক্তদের মধ্যে বেঁচে ছিল আরও একটা আশা। হয়তো শেষবারের মতো 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে মাঠে নেমে পড়বেন 7 নম্বর জার্সি। তবে এবার সেই আশা ক্ষীণ হয়ে আসছে ক্রমশ। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, 2027 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ক্রিকেটার হিসেবে নয় বরং মেন্টর হিসেবে চেন্নাই সুপার কিংসকে সাহায্য করতে পারেন ধোনি। কাজেই ব্যাট হাতে মাঠে না থাকলেও মেন্টর হিসেবে চেন্নাইয়ের সঙ্গে থেকে ভক্তদের মন রাখবেন মাহি।
আরও পড়ুন: ১ রানে আউট, তা সত্ত্বেও গিল এমন রেকর্ড গড়লেন যা কোনও দিন পারেননি কোহলি
উল্লেখ্য, 2008 সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর সে বছরই চেন্নাই সুপার কিংসের হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিং ধোনির। 2008 থেকে 2015 পর্যন্ত চেন্নাইতে খেললেও পরবর্তীতে রাইজিং পুনে সুপার জায়ান্ট দলে 2016 ও 2017 মরসুমে খেলেছিলেন মাহি। তবে বলে রাখা প্রয়োজন, ফিক্সিং বিতর্কের কারণে চেন্নাই সুপার কিংস 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল বলেই পুনেতে গিয়েছিলেন ধোনি। তবে পরবর্তীতে 2018 সালে ফের চেন্নাইতে ঘরওয়াপসি হয় তাঁর।