ভারতে বেড়েছে দাম, পাকিস্তানে চিনির পাহাড়! অল্প মূল্যেও বিক্রি করতে পারছে না ইসলামাবাদ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ভারতে লাফিয়ে বেড়েছে চিনির দাম (Sugar Price)। তাতে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। এদেশে যখন সাদা শস্য নিয়ে কার্যত টানাটানি অবস্থা সেই পর্বে দাঁড়িয়ে পশ্চিমের দেশ পাকিস্তানের চিনি (Pakistan Sugar) কলগুলোতে বস্তা বস্তা চিনি লাট করা রয়েছে! গুদামে চিনির পাহাড় হয়ে রইলেও সেই চিনি কোনওভাবেই বিক্রি করতে পারছেন না পাকিস্তানের চিনি কল মালিকরা। সেই মর্মে, এবার গুদামে পড়ে থাকা চিনি বিক্রি করার জন্য সরকারকে একপ্রকার চাপ দিচ্ছে পাক ব্যবসায়ীরা। তাঁদের দাবি, অবিলম্বে সরকারকে চিনি রপ্তানি করার অনুমতি দিতে হবে।

অল্প দামেও বিক্রি করা যাচ্ছে না চিনি

পাকিস্তান টুডের এক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান সুগার মিল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে সে দেশের প্রত্যেক গুদামে পড়ে থাকা চিনিগুলি যদি এখনই রপ্তানি করার অনুমতি না দেওয়া হয় সে ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় পড়তে হবে কল মালিকদের। একই সাথে সমস্যায় পড়বেন পাকিস্তানের কৃষক থেকে শুরু করে কলকারখানার শ্রমিকরাও। পশ্চিমের দেশের সুগার মিল অ্যাসোসিয়েশন খুব পরিষ্কারভাবে জানিয়েছে, পাকিস্তান সরকার যদি এখনই চিনি রপ্তানির অনুমতি না দেয় তবে কৃষকদের পাওনা পরিশোধ করা থেকে শুরু করে শ্রমিকদের বেতনের ব্যবস্থা এমনকি আখ মাড়াই করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত করা যাবে না।

পাকিস্তানের চিনি মিলগুলির সংগঠন এও জানিয়েছে, পাকিস্তানের গুদামগুলিতে থাকা 10 লাখ টন উদ্বৃত্ত চিনি রপ্তানি করা গেলে পাকিস্তানের অর্থনীতিতে অন্তত 70 থেকে 80 কোটি মার্কিন ডলার ঢুকতে পারে। পাকিস্তানের চিনি মিল সংগঠনের এও দাবি, এই মুহূর্তে পাকিস্তানের যে পরিমাণ চিনি রয়েছে তা রপ্তানির জন্য এটাই সুসময়। সরকারি কর্মকর্তারা ইতিমধ্যেই চিনি বিক্রির প্রয়োজনীয়তা বুঝেছেন। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান সরকারের তরফে চিনিগুলি রপ্তানি করার কোনও রকম অনুমতি দেওয়া হয়নি। আর তাতেই চটে গিয়েছেন পশ্চিমের দেশের কল মালিকরা।

আরও পড়ুন: পৃথিবীতেই সূর্য তৈরির পথে ভারত! প্রথমবার প্লাজমা বানিয়ে ইতিহাস গড়ল PRAGYA

রিপোর্ট অনুযায়ী, দিনের পর দিন পাকিস্তানের গুদামগুলিতে চিনি আটকে থাকায় ব্যাপক অর্থ সংকট দেখা দিয়েছে চিনি কলগুলিতে। একটা দীর্ঘ সময় ধরে চিনিগুলি সংরক্ষণ করে রাখার জন্য বিপুল খরচ এবং ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের চাপ নিয়ে একেবারে জর্জরিত পাকিস্তানের চিনি কল মালিকরা। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, অল্প দামে চিনি রপ্তানি করার ইচ্ছা প্রকাশ করলেও এখনই বাইরের কোনও দেশে পাঠানো যাচ্ছে না পাকিস্তানের চিনি। আরে এর নেপথ্যে সরকারের উদাসীনতাকেই দায়ী করেছেন সে দেশের ব্যবসায়ীরা।

Leave a Comment