আনিষা চৌধুরী, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া ঘিরে দেশের একাধিক রাজ্যে বিতর্ক ও অসন্তোষ তৈরি হয়েছে। কোথাও যোগ্য ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে, আবার কোথাও তালিকায় নাম অন্তর্ভুক্ত করা নিয়ে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে SIR (Special Intensive Revision) নিয়ে এবার একই সুরে প্রশ্ন তুললেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বিজেপির রাজ্য কার্যসমিতির বৈঠকে তাঁর দাবি, উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে প্রায় ১.২৭ কোটি হিন্দু (Hindu) ভোটারের নাম বাদ পড়েছে। এই পরিস্থিতিতে যোগ্য ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার জন্য দলীয় কর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বৈঠকে কী বললেন মুখ্যমন্ত্রী?
লখনউয়ে আয়োজিত বিজেপির রাজ্য কার্যসমিতির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ভোটার তালিকার পরিসংখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যোগী। তাঁর বক্তব্য, জনসংখ্যার নিরিখে উত্তরপ্রদেশে ভোটারের সংখ্যা ১৬ কোটির বেশি হওয়ার কথা। অথচ বর্তমানে ভোটার তালিকায় নাম রয়েছে প্রায় ১৩ কোটি মানুষের। তাঁর দাবি, বিপুল সংখ্যক যোগ্য ভোটারের নাম বিধানসভা কেন্দ্রের তালিকায় নেই। এমনকি আগের SIR প্রক্রিয়ায় মাত্র চার লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই পরিসংখ্যানকে একেবারেই যথাযথ বলে বলে মনে করছেন না তিনি।
কোন কোন শ্রেণির ভোটারের নাম বাদ পড়ার দাবি যোগীর?
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভোটার তালিকায় নাম না থাকার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য।
- প্রায় ৬৬ লক্ষ মানুষের নাম পঞ্চায়েতের ভোটার তালিকায় থাকলেও বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নেই বলে দাবি তাঁর।
- প্রায় ৫৫ লক্ষ সরকারি প্রকল্পের সুবিধাভোগীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।
- ১৮ থেকে ১৯ বছর বয়সি প্রায় সাড়ে ৪ লক্ষ তরুণের নামও তালিকায় নেই বলে দাবি করেছেন যোগী।
- তাঁর মতে, জনসংখ্যার নিরিখে উত্তরপ্রদেশের ভোটার সংখ্যা ১৬ কোটির বেশি হওয়া প্রয়োজন, অথচ বর্তমানে তা প্রায় ১৩ কোটি।
এই পরিসংখ্যানের ভিত্তিতে দলের সাংগঠনিক স্তরে ভোটার তালিকা নিয়ে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, SIR-এর কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্রতিটি বুথে ভোটার তালিকা খতিয়ে দেখার পাশাপাশি যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের চিহ্নিত করতে হবে। এই কাজে বুথ লেভেল অফিসার বা BLO-দের সঙ্গে সমন্বয় রেখে চলার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি কমল সাথী অ্যাপে থাকা তথ্যের ভিত্তিতে যোগ্য ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান চালানোর কথাও বলেছেন। শুধু বুথ স্তরের কর্মীরাই নন, সাংসদ, বিধায়ক এবং দলের অন্যান্য পদাধিকারীদেরও এই কাজে দায়িত্ব নিতে বলেছেন যোগী। নিয়মিত এই প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করার নির্দেশও দিয়েছেন তিনি।
আরও পড়ুন: TET পাশ করেও ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-র প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা
অন্যদিকে, নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশে SIR প্রক্রিয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা থেকে ২.০৪ কোটিরও বেশি নাম বাদ পড়েছে। পাশাপাশি নতুন করে ৮৪ লক্ষের বেশি ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৩.৩৯ কোটি। তবে বাদ পড়া ভোটারদের মধ্যে কতজন হিন্দু, সেই সংক্রান্ত আলাদা কোনও ধর্মভিত্তিক পরিসংখ্যান নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হয়নি।