আনিষা চৌধুরী, কলকাতা: TET-কে কেন্দ্র করে গত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গে (West Bengal) একের পর এক বিতর্ক, আন্দোলন এবং আইনি জটিলতা সামনে এসেছে। নিয়োগে অনিয়মের অভিযোগ থেকে শুরু করে পরীক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন, নানা কারণে বারবার খবরের শিরোনামে এসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ। এবার ২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়াকে ঘিরেও তৈরি হল আইনি জটিলতা। TET (Teacher Eligibility Test) উত্তীর্ণ হওয়া সত্ত্বেও একাধিক পরীক্ষার্থীকে অকৃতকার্য বা “ফেল” দেখানোর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীরা।
কী জানানো হয়েছে আদালতে?
২০২৫ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় OBC সংরক্ষণ সংক্রান্ত জটিলতাই এই সমস্যার অন্যতম কারণ বলে অভিযোগ মামলাকারীদের। তাঁদের দাবি, আগে থেকেই OBC-A এবং OBC-B শংসাপত্র থাকা সত্ত্বেও নতুন সংরক্ষণ বিধির জেরে সেই শংসাপত্র বাতিল হয়েছে। ফলস্বরূপ অনেক TET উত্তীর্ণ পরীক্ষার্থীকে ফেল দেখানো হয়েছে। মামলাকারী মিজানুর রহমান সিদ্দিকি-সহ একাধিক পরীক্ষার্থী এই সমস্যার কথা তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন।
মামলায় সংরক্ষিত শ্রেণির পরীক্ষার্থীদের পাস নম্বর ৮২ এবং অন্যান্য শ্রেণির পরীক্ষার্থীদের ক্ষেত্রে ৮৯ করার আবেদন জানানো হয়েছে। শনিবার জরুরি ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়। আগামী সোমবার, ২ নভেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা। তবে পরীক্ষার্থীদের এই দাবি নিয়ে আদালত এখনও কোনও চূড়ান্ত নির্দেশ দেয়নি। আশা করা হচ্ছে শুনানির পরেই বিষয়টি নিয়ে পরবর্তী অবস্থান স্পষ্ট হবে।
রাজ্যের OBC সংরক্ষণ নীতি নিয়ে দীর্ঘদিনের আইনি টানাপোড়েন থেকে এই সমস্যার সূত্রপাত ঘটে। ২০১০ সালের পর তৈরি হওয়া OBC তালিকা এবং শংসাপত্রের বৈধতা নিয়ে ২০২৪ সালের ২২ মে কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ রায় সামনে আসে। পরবর্তী সময়ে রাজ্য সরকার নতুন করে ৭৭টি এবং ৩৭টি শ্রেণিকে OBC তালিকায় অন্তর্ভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু সেই বিজ্ঞপ্তি নিয়েও আদালতে প্রশ্ন ওঠে। ২০২৬ সালের ১২ অগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ২০২৫ সালের মে-জুন মাসের বিজ্ঞপ্তির ভিত্তিতে দেওয়া OBC শংসাপত্রগুলিকে অবৈধ বলে জানায়। ফলে ওই শংসাপত্রের ভিত্তিতে সংরক্ষণের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা অনিশ্চয়তায় পড়েন।
আরও পড়ুন: দীপাবলির পার্টিতে ইন্ডি জোটের নেতাদের আমন্ত্রণ জানালেন CJP-র নেতা সৌরভ দাস
এদিকে OBC শংসাপত্র সংক্রান্ত আইনি জটিলতা এখনও পুরোপুরি মেটেনি। গত ১ অক্টোবর সুপ্রিম কোর্টেও এই সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের কাছে জবাব চেয়ে নোটিস দেওয়া হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, মামলার চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে সংশ্লিষ্ট নিয়োগের ভবিষ্যৎ। এই পরিস্থিতিতেই ২০২৫ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় TET উত্তীর্ণদের ফলাফল নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। এই মুহূর্তে ন্যায়বিচারের আশায় সোমবারের শুনানির দিকেই তাকিয়ে মামলাকারী পরীক্ষার্থীরা।