বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)। এরপর অবশ্য বেআইনিভাবে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর সেই ঘটনার পর এবার ইউসুফ পাঠানকে বড় উপহার দিচ্ছে গুজরাত সরকার (Gujarat)। তৃণমূল ছাড়ার পরপরই এবার ভিন রাজ্যের সরকারের তরফে বিতর্কিত জমি উপহার পাচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
ইউসুফ পাঠানকে বড় উপহার সরকারের
বেআইনিভাবে সরকারি জমি দখল করে রাখার অভিযোগের সাথে সাথে কলকাতা হাইকোর্টেও ধাক্কা খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সৈনিক ইউসুফ পাঠান। গুজরাতের বদোদরা পুরসভার অন্তর্গত তান্দলজায় ইউসুফের বাংলোর পাশেই 1000 বর্গমিটার আয়তন বিশিষ্ট জমিটিতে 2012 সালে প্রথম বারের মতো মালিকানা দাবি করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। মূলত আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নিরাপত্তার কারণ দেখিয়ে ওই জমি দাবি করেছিলেন তিনি।
জানা গিয়েছিল, নিলাম প্রক্রিয়ায় না গিয়ে 99 বছরের ইজারায় ওই জমি হাতে নেওয়ার চেষ্টা করেছিলেন ইউসুফ পাঠান। পরবর্তীতে জমি দাবি করায় তাতে অনুমোদন দিয়েছিল বদোদরা পুরসভার স্ট্যান্ডিং কমিটি এবং জেনারেল বোর্ড। তবে ইউসুফ ওই জমির পুরো অর্থ দিতে রাজি হলেও মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল গুজরাত সরকার। 2014 সালে ইউসুফের ওই আবেদন খারিজ করে দিয়েছিল গুজরাত সরকারের নগরোন্নয়ন বিভাগ। আর তারপরেই ইউসুফ ওই জবরদখল দখল করে কাঁটাতার বসিয়েছেন বলেই অভিযোগ। এ নিয়ে জল আদালতে গড়ালে সবদিক থেকে কার্যত ধাক্কা খেয়েছিলেন ইউসুফ পাঠান।
আরও পড়ুন: ‘ফুটবল সম্রাট’ রোনাল্ডোকে নিষিদ্ধ করল পর্তুগাল, কী দোষ তাঁর?
বলাই বাহুল্য, এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল সরকারের পতন হতেই NCPI তে যোগ দিয়েছেন ইউসুফ পাঠান। ভারতের রাজনীতিতে একপ্রকার অস্তিত্বহীন দলে থেকেই বিজেপির নেতৃত্বাধীন জোট NDA কে পুরোপুরি সমর্থন করছেন তাঁরা। আর তার পর পরই এবার ইউসুফের হাতে ওই বিতর্কিত জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল গুজরাত সরকার। সরকারের অনুমোদন পেয়ে বদোদরা পুরসভা প্রস্তাব তৈরি করেছে। সরকারের প্রস্তাবে বলা হয়েছে, 1000 বর্গমিটার জমিটির অর্ধেক অর্থাৎ 500 বর্গমিটার জমি ইউসুফকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া 478 বর্গমিটার জমির দামে বাকিটুকু কিনতে হবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে। যদিও সেটা বাজার মূল্যের তুলনায় 55 শতাংশ ছাড়াই পাবেন তিনি।