সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর-এর প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা করেছিল কালীঘাট তৃণমূল। সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ রাজাবাজার থেকে শুরু হয় মিছিল। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পূর্ব ঘোষণা অনুযায়ী বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সেই মিছিল আটকে দেওয়া হয় রাজাবাজারেই। এমনকি তার আগেই মমতাকে চরম কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।
মমতার মিছিল নিয়ে বিদ্রুপ মুখ্যমন্ত্রীর
গতকাল রাতেই এক সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বেরোতে দেব না। সিপিকে নির্দেশ দিয়েছি, রাজাবাজার থেকে এক পা এগোতে দেব না। প্রয়োজন পড়লে সেন্ট্রাল ফোর্স নামাতে বলব। কিন্তু বেরোতে দেব না। কোনও বিশৃঙ্খলা তৈরি করতে দেব না। দুর্গাপূজা।” যদিও সেই হুঁশিয়ারি সত্ত্বেও আজ মিছিলে নামে মমতা তৃণমূল। এমনকি বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। তবে তাদের বাধা দিলে সেখানেই কুণাল, শোভনদেবরা ধর্নায় বসেন।
এদিকে তার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য শুভেন্দু অধিকারী পরামর্শ দিয়েছিলেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, এগুলো না করাই ভালো। পুলিশকে বলব, যেখানে মিছিল শুরু হবে সেখানেই যেন শেষ করে দেয়।” এমনকি শুভেন্দু আরও বলেন, “ওনাকে পরামর্শ দেব, অনুরোধ করব, বয়সে বড়, এগুলো না করাই ভালো। আর কেনই বা রাজাবাজার থেকে পার্ক সার্কাস এলাকা বেছে নিলেন?”
আরও পড়ুন: শুভেন্দুর কথা মতোই হল কাজ, মমতার মিছিলে বিশাল বাহিনী, মিছিল শুরু-শেষ রাজাবাজারেই
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর দিল্লিতে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ বিরোধী নেতাদের আটক করে দিল্লি পুলিশ। পুলিশের অত্যাচার এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতেই মঙ্গলবার কলকাতায় মিছিলের ডাক দেয় কালীঘাট তৃণমূল। প্রথম থেকেই অনুমতি দেয়নি রাজ্য প্রশাসন। তবে তৃতীয়ার দিন দুপুর দুটোর দিকে রাজাবাজারে জমায়েত হয় তৃণমূলের কর্মীরা। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সেখানেই বিক্ষোভ আটকে দেয় প্রশাসন।