বিক্রম ব্যানার্জী, কলকাতা: “ইস্টবেঙ্গল ISL চ্যাম্পিয়ন হতে পারে তবে মোহনবাগান ভারত সেরা।” শনিবার, ডুরান্ড কাপের প্রথম ডার্বি জিতেই এমনটাই বলছেন মোহনবাগান (East Bengal Vs Mohun Bagan) সমর্থকরা। হ্যাঁ, এদিন মরসুমের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারাল সবুজ মেরুন। আর সেটা হল সাহাল আব্দুল সামাদের গোলে। ব্যর্থ হল লাল হলুদের সব লড়াই। আর তাতেই যেন নতুন করে অক্সিজেন ফিরে পেয়েছে শহরের ঐতিহ্যবাহী দল বাগান।
ইস্টবেঙ্গলের স্বপ্ন ভেঙে দিল মোহনবাগান
শনিবার, বিকেল পাঁচটায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এদিন একেবারে বিদেশিহীন একাদশ নিয়ে নেমেছিল দুই দলই। সেই সাথে দুই নতুন কোচের কাছে আজকের ম্যাচ ছিল অগ্নিপরীক্ষা। দেখা গেল শেষ পর্যন্ত এই পরীক্ষায় বাজিমাত করলেন মোহনবাগানের নতুন কোচ প্যানাজিওটিস দিলম্পেরিস। পরাজয় মেনে নিতে হল আন্তোনিও লোপেজ হাবাসকে।
এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়েছিল মোহনবাগান। ইস্টবেঙ্গল অবশ্য চাপের মুখে বেশ কয়েকবার সুযোগ তৈরির চেষ্টা করেছে। তবে সবটাই ভেস্তে দিয়েছে বাগানের ডিফেন্ডাররা। বরং 24 মিনিটের মাথায় দ্রুত গতিতে বল নিয়ে ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে যান সাহাল আব্দুল সামাদ। জোরালো শট করলেও তা গিয়ে লাগে ইস্টবেঙ্গলের জিকসন সিংয়ের হাতে। পরে সাহাল আবেদন জানালেও শোনেননি রেফারি।
প্রথম 45 মিনিটে কাজের কাজ না হলেও দ্বিতীয়ার্ধে শক্তি বাড়িয়েছিল মোহনবাগান। দীর্ঘ বল দখলের লড়াইকে সামনে রেখে 52 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের বক্সের মধ্যে ঢুকে পড়েন কিয়ান নাসিরি। তাঁকে কভার করছিলেন মনবীর সিং। ঠিক সেই সময় পায়ে বল আসতেই সামনে ফাঁকা গোল পেয়ে সুযোগের সদ্ব্যবহার করেন সাহাল আব্দুল সামাদ। আর সেটাই ইস্টবেঙ্গলের কপালে দুঃখ লিখে দিয়েছিল।
অবশ্যই পড়ুন: দ্বিতীয়বার বাবা হলেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ীর কোলে এল ফুটফুটে সন্তান
শনিবার, মোহনবাগানের কাছে প্রথম গোল খাওয়ার পর পাল্টা গোল করার আপ্রাণ চেষ্টা করলেও বিশাল কাইথদের বেগের কাছে পরাস্ত হতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ফলে শেষ পর্যন্ত গোল না করতে পারায় চলতি মরসুমের প্রথম ডার্বি নিয়ে চলে গেল মোহনবাগান। তাতে একেবারে কপালে হাত লাল হলুদ সমর্থকদের।