প্রীতি পোদ্দার, কলকাতা: মহিলাদের দেওয়া প্রতিশ্রুতি রাখল শুভেন্দু সরকার (Government Of West Bengal)। আজ থেকেই ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’- (Durga Suraksha Squad) এর নয়া অভিযান চালু করতে চলেছে লালবাজার (Lalbazar) পুলিশ। শহরে নারীদের সুরক্ষা বৃদ্ধি করতে এবং সাইবার অপরাধ রোধ করতে ময়দানে নামছে মহিলাদের সুরক্ষা বাহিনী। জানা গিয়েছে আগামী ৩০ দিনে কলকাতার ৬০ থানার ১২০টি জায়গা বেছে নিয়েছে লালবাজার। শুধু তাই নয়, ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যুগ্ম টহলদারি টিম।
নয়া অভিযানে নামল কলকাতা পুলিশ
রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা এবং নারী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একগুচ্ছ বড়সড় পদক্ষেপের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার মধ্যে অন্যতম ছিল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। মহিলাদের প্রতি অপরাধ ও সাইবার ক্রাইম নিয়ে শহরজুড়ে সচেতনতার জন্য আজ, সোমবার থেকেই নতুন অভিযান শুরু করতে চলেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে এই বিশেষ অভিযানের কলকাতার ৬০ থানার ১২০টি জায়গা আগামী ১ মাসের জন্য বেছে নিয়েছে লালবাজার। পাশাপাশি মহিলাদের জন্য তৈরি হয়েছে যুগ্ম টহলদারি টিম। এই টিমে সাইবার থানা, মহিলা থানা-সহ প্রত্যেকটি থানা, পুলিশের মহিলা সেলের আধিকারিকরাও থাকছেন।
আরও পড়ুন: ১ সেপ্টেম্বর থেকে সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রচার বাড়াতে বিলি করা হবে লিফলেট
‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর দায়িত্বপ্রাপ্ত মহিলা পুলিশরা স্কুটিতে চড়ে শহরের নারীদের সুরক্ষা বৃদ্ধি করবে। প্রত্যেকদিন দুটি থানার চারটি জায়গায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর সদস্যরা যুগ্ম টহলদারি টিমের সাহায্যে লিফলেট বিলি করবে। এমনকি জনসচেতনতা আরও বাড়াতে প্রয়োজনে মাইক নিয়েও প্রচার করা হবে ও রাস্তার মোড়ে যেকোনো একটি জায়গায় বড় স্ক্রিনে ছোট ভিডিও ক্লিপিং দেখিয়েও বাসিন্দা ও পথচারীদের সচেতন করা তোলা হবে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করবেন লালবাজারের কর্তারা। আগেই বসিরহাট, বনগাঁ, বারাসত প্রেসিডেন্সি রেঞ্জে ১০টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা করা হয়েছে। রিয়াল টাইম অডিও ভিসুয়াল ট্রান্সমিশন বন্দোবস্তও করা হয়েছে। যাতে যে কোনও ঘটনার লাইভ সম্প্রচার করা সম্ভব হয়।
আরও পড়ুন: অভিষেককে ‘ক্রিমিনাল’ আখ্যা মদনের! ফেসবুক লাইভে বিস্ফোরক কামারহাটির বিধায়ক
প্রসঙ্গত, সরকার পরিবর্তন হতেই নারী হেনস্তায় ‘জিরো টলারেন্স’ হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাস্তাঘাটে মহিলাদের উত্যক্ত করলেই জেলযাত্রা যে অবশ্যম্ভাবী, তা আগেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন তিনি। এবার তার নির্দেশ মতোই ময়দানে নামতে চলেছে ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’। এই অভিযানে মোটরবাইকে চড়ে পথেঘাটে টহল দেবেন মহিলা পুলিশকর্মীরা। কেউ উত্যক্ত করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে এই স্কোয়াড। এখন দেখার প্রশাসনের এই উদ্যোগ কতটা সফলতা অর্জন করে।