সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের রাজনীতিতে ফের ধাক্কা খেল বিজেপি। বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করলেন উত্তরাখণ্ডের পৌরির প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন পৌর সভাপতি যশপাল বেনাম (Yashpal Benam)। এর মধ্যে দিয়ে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর অন্তত ৮ বছরের সম্পর্কের অবসান ঘটল। সংবাদমাধ্যমের সামনে তিনি একটি কবিতা আবৃত্তি করেই দল ছড়ার কথা জানান। এমনকি খুব শীঘ্রই পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে ঘোষণা করার কথা জানিয়েছেন প্রাক্তন বিধায়ক।
দল ছাড়লেন রাজ্যের প্রাক্তন বিধায়ক
পৌরিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে পদত্যাগের ঘোষণা করেন যশপাল বেনাম। এমনকি সাংবাদিকদের সামনেই তিনি একটি কবিতা পড়ে শোনান এবং জানান যে গত ৮ বছর ধরে তিনি দলের প্রতিটি নির্দেশ অত্যন্ত নিষ্ঠার সঙ্গেই পালন করে এসেছেন। কিন্তু সম্প্রতি তাঁর মনে হতে শুরু করেছে যে দলে তাঁর যোগ্যতার সঠিক মূল্যায়ন বা ব্যবহার করা হচ্ছে না। সেই কারণেই তিনি গেরুয়া শিবির থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রাক্তন এমএলএ আরও উল্লেখ করেন, ৮ বছর আগে এই ১৮ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছিলেন। ঠিক ৮ বছর পর একই তারিখে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন। এমনকি তিনি খোলাখুলিভাবে জানান যে দলের অনেক নেতাই তাঁকে বুঝতে ব্যর্থ হয়েছেন। এর ফলে তিনি দলের ভেতরে অস্বস্তি বোধ করছেন। এই ধরণের পরিবেশে কাজ করার অভ্যাস তিনি গড়ে তুলতে পারছেন না। তাই তাঁর এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: সিজেপির বিক্ষোভে হিন্দু ধর্ম বিরোধী স্লোগান, ৩০০ জনের বিরুদ্ধে দায়ের এফআইআর
এক্ষেত্রে জানিয়ে রাখি, যশপাল বেনাম পৌরি পৌর পরিষদের তিনবারের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারপর ২০০৭ সালের বিধানসভা নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেন। সেই নির্বাচনে তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী নরেন্দ্র সিং ভান্ডারী এবং বিজেপির প্রবীণ নেতা তীরথ সিং রাওয়াতের মতো হেভিওয়েট নেতাদের পরাজিত করেছিলেন। এরপর ২০১৮ সালের পৌর নির্বাচনে তিনি বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। তবে তাঁর পদত্যাগে যে বিজেপির অন্দরে অস্বস্তি বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।