বিক্রম ব্যানার্জী, কলকাতা: 10 অক্টোবর, যন্তর মন্তরে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। লক্ষ্য একটাই, জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগ। তবে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি নিয়ে আগামীকাল আরশোলারা ময়দানে নামার (CJP Protest) ঠিক আগে অর্থাৎ আজ সাংবাদিক সম্মেলন করে দিল্লি পুলিশ (Delhi Police) জানিয়ে দিল, শনিবার যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির কোনও অনুমতি দেওয়া হচ্ছে না। যদিও এর নেপথ্যে একাধিক কারণ দেখিয়েছে তারা।
কোন কারণে বিক্ষোভের অনুমতি দিল না দিল্লি পুলিশ?
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আগামীকাল দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়ার কথা রয়েছে ককরোচ জনতা পার্টির সদস্য এবং দেশের যুবক-যুবতীদের। ঠিক তার আগেই সাংবাদিক সম্মেলন করে দিল্লি পুলিশ জানিয়ে দিল, আগামীকাল যন্তর মন্তরে কোনও ধরনের বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না। এর নেপথ্যে কারণ হিসেবে পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও বড় আন্দোলন বা বিক্ষোভের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি চাওয়ার একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি মানা হয়নি।
দিল্লি পুলিশের বক্তব্য, এই ধরনের বিক্ষোভ কর্মসূচির জন্য অন্তত 10 দিন আগে অনুমতি চাওয়া উচিত। কিন্তু আন্দোলনকারীরা অর্থাৎ আরশোলাদের তরফে সেই নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে 10 দিন আগে অনুমতি চাওয়া হয়নি। এছাড়াও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরশোলাদের আগের বিক্ষোভ কর্মসূচির কথা স্মরণ করিয়ে পুলিশ জানিয়েছে, এর আগে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি যখন বিক্ষোভ করেছিল সেই সময় একাধিক নিয়ম লঙ্ঘন করেছিল তারা।
দিল্লি পুলিশ জানিয়েছে, “আমরা ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাসের কাছ থেকে একটি চিঠি পেয়েছি। সেই আবেদনপত্রে জানানো হয়েছিল, 10 অক্টোবর দিল্লির যন্তর মন্তরে একটি প্রতিবাদ কর্মসূচি করতে চাইছেন তাঁরা। মূলত প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করবে তারা। তবে খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাছে এই আবেদন জানানো হয়েছে। সাধারণত নিয়ম অনুযায়ী অন্তত 10 দিন আগে এই ধরনের বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি চাওয়া উচিত।”
#WATCH | Delhi: Joint CP Nupur Prasad says, “We have received an application from Saurav Das, Co-Convener of Cockroach Janta Party. The application is regarding an intimation for a protest on 10th October at Jantar Mantar. The protest was regarding the accountability of the CEC.… pic.twitter.com/aVdCLiL4Ko
— ANI (@ANI) October 9, 2026
আরও পড়ুন: যন্তর মন্তরে CJP-র আন্দোলনে যাচ্ছেন রূপম ইসলাম, অনুপম রায়? এয়ারপোর্টে পৌঁছেই পোস্ট
প্রসঙ্গত, শনিবার যন্তর মন্তরে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ কর্মসূচি আটকাতে দিল্লি পুলিশের তরফে ডিএমআরসিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, শুক্রবার রাত থেকে দিল্লি মেট্রোর 57টি মেট্রো স্টেশনের প্রবেশ এবং বাহির হওয়ার পথ বন্ধ করতে হবে। দিল্লি পুলিশ জানিয়েছে, অনিয়ন্ত্রিত জমায়েত এবং বিক্ষোভ আটকাতেই 57টি মেট্রো স্টেশন আপাতত কার্যত বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে তারা!