রাতভর বৃষ্টিতে জলমগ্ন বোলপুর, ডুবল একাধিক ওয়ার্ড

প্রীতি পোদ্দার, কলকাতা: অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন অবস্থা বীরভূমের বোলপুর (Bolpur)..রাতভর টানা বৃষ্টির জেরে কোমর পর্যন্ত জল (Bolpur Flood) শহরের একাধিক ওয়ার্ডে। বাদ যায়নি বোলপুরের গীতাঞ্জলি, সেখানকার প্রেক্ষাগৃহ চত্বরে প্রায় এক হাঁটু জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। তাই স্বাভাবিকভাবে রাতভর বৃষ্টির পর বোলপুর শহরের জল নিকাশি ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

জলমগ্ন অবস্থায় রয়েছে বোলপুরের একাধিক ওয়ার্ড

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত ৪৮ ঘন্টা লাগাতার বৃষ্টির জেরে বোলপুর পুরসভার নিকাশি ব্যবস্থার চেহারা দুর্বিষহ হয়ে গিয়েছে। পুরসভার ৩, ৪, ৫, ৬ ওয়ার্ড প্রায় জলের তলায় চলে গিয়েছে। যার ফলে ওই ওয়ার্ড গুলিতে বসবাসকারী কয়েক হাজার মানুষ গৃহবন্দী হয়ে রয়েছে। শুধু তাই নয়, জল বাথরুমে, বেডরুমে ঢুকে গিয়েছে। এর ওপর ইলেকট্রিক সংযোগ নিয়ে আরও বিপদ। অন্যদিকে রাস্তাও জলের তলায়। পরিস্থিতি আরও খারাপ হয়েছে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। সেখানে প্রায় এক হাঁটু জল জমে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

ক্ষুব্ধ স্থানীয়রা

বোলপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উদয়নপল্লি-র অবস্থাও বেশ জটিল। ওই এলাকায় জমা জলের স্তর এতটাই বেড়ে গিয়েছে যে দেখে মনে হবে কোনো নদী বয়ে চলেছে। চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সকলের অভিযোগ এই জলমগ্ন পরিস্থিতি নিয়ে আগের সরকারও কোনো পদক্ষেপ করেনি, আর এই সরকারও কোনো পদক্ষেপ করছে না, জানিনা এর পরিণতি কী হবে। সবচেয়ে খারাপ অবস্থা বোলপুরের উদয়নপল্লি, নিচু বাঁধগোড়া, মাঠপাড়া-সহ আরও কয়েকটি এলাকার। কারণ এই এলাকাগুলি নিচু, তার উপর রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছে।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে ‘অপারেশন মুক্তা’, ৩১ বাংলাদেশিকে গ্রেফতার করে মালদায় পাঠাল পুলিস

উল্লেখ্য, বিপদ সীমার উপর দিয়ে জল বইছে দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মেজে ও বেলসাড়া গ্রামের মাঝে থাকা শাল নদীর ভাসা ব্রিজ। তাই এইমুহুর্তে সুরক্ষার কথা মাথায় রেখে পারাপার পুরোপুরি বন্ধ করা হয়েছে। আর তাতেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে এবং অসুবিধায় পড়েছেন মানুষজন। জানা গিয়েছে, আজও বীরভূম ও ঝাড়খন্ডে গভীর নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চিন্তায় সকলে।

Leave a Comment