বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে একাই 113 রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাতেই সহজ জয় পায় ভারত। শুধু তাই নয়, তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র 14 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন অভিষেক। এবার তাঁর হাতে সুযোগ রয়েছে ইশান কিষাণকে (Ishan Kishan) পেছনে ফেলে বড় রেকর্ড গড়ার। চতুর্থ টি-টোয়েন্টিতে অভিষেক মাত্র 35 রান করে ফেলতে পারলেই 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট রেকর্ড গড়ে ফেলবেন।
চতুর্থ টি টোয়েন্টিতে ইতিহাস গড়ার সুযোগ অভিষেকের
চলতি টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মাকে থামানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে নিউজিল্যান্ডের বোলারদের পক্ষে। বিগত দিনগুলিতে ক্রমাগত ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তিনি। সামনে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ। সেই আসরে মাত্র 35 রান করতে পারলেই 2026 সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহ করে উঠবেন অভিষেক। এই মুহূর্তে ইশান কিষাণ তাঁর থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় রান করে ফেলতে পারলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি সতীর্থকেও ছাপিয়ে যাবেন অভিষেক।
না বললেই নয়, চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত মোট 1125 রান করেছেন অভিষেক শর্মা। অন্যদিকে ইশান করেছেন 1159 রান। এই তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে করণবীর সিং। তিনি করেছেন 895 রান। এছাড়াও 802 রান করে চার নম্বরে সঞ্জু স্যামসন এবং 716 রান করে 5 নম্বরে জায়গা করে নিয়েছেন তিলক বর্মা। এক কথায় বলাই যায়, এ বছর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের নিরিখে ভারতীয় ব্যাটসম্যানদেরই আধিপত্য রয়েছে।
আরও পড়ুন: কিউবার উপর দাদাগিরি আমেরিকার, রাষ্ট্রসঙ্ঘে পাশে দাঁড়াল ভারত
উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি ক্রমতালিকায় এক নম্বরে ছিলেন অভিষেক শর্মা। যদিও পরবর্তীতে ভাল ব্যাটিং করে সেই জায়গা কেড়ে নেন ইশান। তবে সম্প্রতি নিউজিল্যান্ড সিরিজের দুর্দান্ত ব্যাটিং করার কারণে অধিক রান তুলে ফের র্যাংকিং লিস্টে এক নম্বরে চলে গিয়েছেন অভিষেক। তিন নম্বরে নেমে এসেছেন ইশান কিষাণ। আর সেই সুযোগেই দ্বিতীয় স্থানে ঢুকে পড়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান।