অনন্যা সরকার, কলকাতা: এবার শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) যুক্ত হতে চলেছে নতুন সেন্ট্রাল গেট (Central Gate)। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য পৃথক গেট চালু করার কথা ঘোষণা করেছে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনা। বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষের (Indian Railways) তরফে শিয়ালদহ স্টেশনের পরিকাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পদক্ষেপগুলি সম্পর্কে নতুন ঘোষণা করা হয়েছে। কী কী বদল আসছে, আসুন জেনে নেওয়া যাক।
একাধিক নতুন গেট চালু হচ্ছে শিয়ালদহে
শিয়ালদহ স্টেশনে ৯ নম্বর ও ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মের জন্য শুক্রবার থেকেই চালু হয়ে যাচ্ছে নতুন গেট। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলি থেকে সাধারণত দূরপাল্লার ট্রেন ছাড়ে বা এসে পৌঁছায়। সেই কারণেই চালু হচ্ছে এই নতুন সেন্ট্রাল গেট (Central Gate)। দূরপাল্লার ট্রেনগুলির যাত্রীদের কাছে তুলনামূলকভাবে লাগেজ বেশি থাকে, তাই এগুলি নিয়ে যাতায়াতের সুবিধার জন্য ৪০০ বর্গ মিটারের একটি প্রশস্ত জায়গা রাখা হচ্ছে।
আরও পড়ুন: অতি সক্রিয় বর্ষা, দক্ষিণবঙ্গে ৮ জেলায় বিশেষ সতর্কতা জারি, আজকের আবহাওয়া
কোন প্ল্যাটফর্মের জন্য কোন গেট ব্যবহার করবেন?
- ১. শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের জন্য যাত্রীরা ব্যবহার করতে পারবেন প্রফুল্ল দ্বার।
- ২. ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের জন্য রয়েছে শিয়ালদহ স্টেশনের মেইন গেটটি।
- ৩. সাউথ গেট ব্যবহার করা যাবে ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য।
- ৪. ৯ ও ১১ থেকে ১৪ নম্বর প্ল্যাটফর্মের যেতে নতুন সেন্ট্রাল গেট ব্যবহার করবেন যাত্রীরা।
আরও পড়ুন: টিকিট ক্যান্সলেশন থেকে কত আয় হয় রেলের? মুখ খুলল সরকার
নতুন প্রবেশপথ চালু করার পাশাপাশি শিয়ালদহ স্টেশনের পরিকাঠামোয় একাধিক নতুন সুবিধা যুক্ত করার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যেমন- যাত্রী সুবিধার জন্য শিয়ালদহ স্টেশনে বোর্ডিং ও ডি-বোর্ডিং পয়েন্ট চালু করবে রেল। অর্থাৎ, নতুন পিক-আপ ও ড্রপ অফ পয়েন্ট চালু হচ্ছে। বিমানবন্দরের মতো আধুনিক টয়লেট কমপ্লেক্স দেখা যাবে রাজ্যের এই ব্যস্ততম স্টেশনে। মসৃণ যাতায়াতের জন্য প্ল্যাটফর্মের সারফেস আরও আরও উন্নত করার কথা ভাবছে রেল। এছাড়া, এখন যে সমস্ত শৌচাগারগুলি রয়েছে স্টেশনে, সেগুলিরও উন্নতিসাধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।