সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় এখন ডাবল ইঞ্জিন সরকার (Government of West Bengal)। কেন্দ্রের ডাবল ডাবল সুবিধা পাচ্ছে পশ্চিমবঙ্গ। আগামী সোমবার বিধানসভায় প্রথম বাজেট পেশ করবে রাজ্য সরকার। আর সেই বাজেটকে ঘিরে এমনিতেই রাজ্যের সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা বাড়ছে। বিশেষ করে ডিএ নিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় কোনও ঘোষণা করতে পারেন। তবে এরই মধ্যে রাজ্যের জন্য মোট ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। এরই হিসাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
বাংলার জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল হুগলির তারকেশ্বরের সভা করেছেন তিনি এবং আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় কর্মসূচি ছিল তাঁর। তবে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি পাঁচ পাতার লিখিত চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি বিগত দেড় মাসে বাংলাকে কত অর্থ বরাদ্দ করা হয়েছে সেই পরিসংখ্যান পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরেন। এমনকি পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এই চিঠি পাঠান।
চিঠিতে প্রধানমন্ত্রী খরচের হিসাব সম্বন্ধে লিখেছেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে সমস্ত রকম ভাবে সাহায্য করবে। জল জীবন মিশন এবং পরিকাঠামো সম্পর্কিত কাজ সহ অতীতের সমস্ত আটকে থাকা উন্নয়নমূলক কাজগুলি ত্বরান্বিত করতে ইতিমধ্যেই ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি রেলের উন্নয়নের জন্য প্রায় ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। সব মিলিয়ে মোট ৬০,০০০ কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: এবার ৪৭ কোটি টাকার দুর্নীতির মামলায় নাম অভিষেকের, আরও বিপাকে যুবরাজ
এমনকি প্রধানমন্ত্রীর আরও সংযোজন, “আমি আত্মবিশ্বাসী যে আগামী দিন পশ্চিমবঙ্গের উন্নয়নের যাত্রা আরও বেশি উদ্দীপনার সঙ্গে এগোবে। এখনও অনেক কাজ করা বাকি রয়েছে। বাংলার অর্থনীতিকে আরও শক্তিশালী এবং আধুনিক ভিত্তির উপরেই দাঁড় করাতে হবে। অর্থাৎ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে আর শিল্পক্ষেত্রে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে হবে। পাশাপাশি পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।” এমনকি পশ্চিমবঙ্গ মৎস্য চাষ, উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ, বন্দরকেন্দ্রিক উন্নয়ন, বস্ত্রশিল্প, পর্যটন ও ডিজিটাল অর্থনীতির একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভবিষ্যতে সবসময়ই বাংলার পাশে থাকার অঙ্গীকার দিয়েছেন তিনি।