বিক্রম ব্যানার্জী, কলকাতা: রমরমিয়ে চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। এই প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করল 48টি দেশ। মূলত তিনটি দেশ আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হচ্ছে এবারের ঐতিহাসিক ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি। টুর্নামেন্ট যেহেতু ঐতিহাসিক ফলে এই প্রতিযোগিতায় বিতরণ করা হবে রেকর্ড পুরস্কার মূল্য। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এবারের বিশ্বকাপের সুযোগ পাওয়া প্রতিটি দল ন্যূনতম 100 কোটি টাকা পাবেই। তাহলে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের জন্য কত পুরস্কার মূল্য ধার্য করা হল?
ফিফা ফুটবল বিশ্বকাপে কোন দল কত অর্থ পাবে?
ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে গত বছর দোহায় কাউন্সিলের সদস্যদের মধ্যে বিশেষ বৈঠক হয়। আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় কাউন্সিল এই ফুটবল বিশ্বকাপের জন্য 727 মিলিয়ন মার্কিন ডলার বিলি করবে। এর মধ্যে 655 মার্কিন ডলার পাবে বিশ্বকাপে অংশ নেওয়া 48টি দেশ। অর্থাৎ ভারতীয় মুদ্রায় 6,178 কোটি টাকা তুলে দেওয়া হবে অংশগ্রহণকারী দলগুলির হাতে।
এবার আসা যাক বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্য প্রসঙ্গে। এবছর যেহেতু গত কাতার বিশ্বকাপের তুলনায় পুরস্কার মূল্যের পরিমাণ 50 শতাংশ বেশি ফলে ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে 50 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 471 কোটি টাকারও বেশি। অন্যদিকে বিশ্বকাপের রানার্স আপ দল পাবে 311 কোটি টাকা। এছাড়াও দুই সেমিফাইনালিস্ট এর মধ্যে তিন নম্বরে শেষ করা দল পাবে 275 কোটি টাকা এবং চার নম্বরে শেষ করা দল পাবে 255 কোটি।
অবশ্যই পড়ুন: এই ১৬টি ওষুধ নিষিদ্ধ করে দিল সরকার, আপনি খাচ্ছেন না তো?
এদিকে কোয়ার্টার ফাইনালে এসে পরাজিত হওয়া চার দলের জন্যই 180 কোটি টাকার পুরস্কার মূল্য রেখেছে ফিফা। একইভাবে প্রি-কোয়ার্টার ফাইনাল ও রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়া দলগুলি সমপরিমাণ অর্থ অর্থাৎ 142 কোটি টাকা করে পাবে। একই সাথে 17 থেকে 32 নম্বরের মধ্যে শেষ করা দলগুলি 104 কোটি টাকা পাবে। এছাড়া অন্যান্য সমস্ত দল মিলিয়ে অর্থাৎ বিশ্বকাপে সুযোগ পাওয়া মাত্রই দলগুলিও ন্যূনতম 100 কোটি টাকা পাবেই।