সহেলি মিত্র, কলকাতা: ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে আজ রবিবার ছুটির দিনেও ব্যাপক বৃষ্টিপাত (Weather Today) চলতে পারে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, মূলত দক্ষিণবঙ্গের উপকূলীয় ও সংলগ্ন এলাকায় আজ বিচ্ছিন্নভাবে সক্রিয় বজ্রবৃষ্টির সেল তৈরি হতে পারে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কোথাও সক্রিয় সেল তৈরি হলে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া দেখা দিতে পারে। সিংহভাগ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপনিও যদি আজ বাড়ি থেকে বেরোনোর প্ল্যান করে থাকেন তাহলে জেনে রাখুন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার জেরে এই সেল উপকূল ছাড়িয়ে দক্ষিণবঙ্গের অভ্যন্তরীণ এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। ফলে এক এলাকায় আবহাওয়া শান্ত থাকলেও কাছাকাছি অন্য এলাকায় হঠাৎ বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বুলেটিন অনুযায়ী, বিশেষ নজরে রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও উপকূলবর্তী দক্ষিণবঙ্গের এলাকা। এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে।
দক্ষিণ ছত্তিশগড় ও সংলগ্ন অঞ্চলের উপর অবস্থানরত নিম্নচাপটি একই অঞ্চলের উপর অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় এটি দক্ষিণ ছত্তিশশগড় বিদর্ভের উপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সমুদ্রপৃষ্ঠে মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে জয়সলমের, রাজগড়, বৈতুল, দক্ষিণ ছত্তিশগড় ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থানরত নিম্নচাপের কেন্দ্র গোপালপুর হয়ে সেখান থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত চলতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আর পড়ুনঃ নেতাজিকে অপমানের প্রতিবাদে গঙ্গাসাগর থেকে দার্জিলিং পদযাত্রা ৬৬-র অতীন হালদারের
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ সোমবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টিপাত চলবে বলে খবর। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়।