সবচেয়ে কম বয়সী মেয়র, ব্রিটেনে ইতিহাস গড়লেন ২৩ বছরের ভারতীয় বংশোদ্ভুত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 23 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত তুষার কুমার ইংল্যান্ডে ইতিহাস গড়েছেন (Indian Origin Mayor)। জানা যাচ্ছে, পূর্ব ইংল্যান্ডের এক নির্বাচনে জয়ী হয়ে ব্রিটেনের সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভুত মেয়র হয়ে উঠেছেন তুষার। জানা গিয়েছে, লন্ডনের কিংস কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়া ভারতীয় বংশোদ্ভুত গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এলস্ট্রি এবং বোরোহামউডের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

আগে ডেপুটি মেয়র হিসেবে কাজ করতেন তুষার

রিপোর্ট অনুযায়ী, লেবার কাউন্সিলর হিসেবে তুষার 2023 সালে এলস্ট্রি এবং বোরোহামউড টাউন কাউন্সিলে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে তিনি ডেপুটি মেয়র হিসেবেও কাজ করেন। গতকাল অর্থাৎ সোমবার, আনুষ্ঠানিকভাবে এলস্ট্রি এবং বোরোহামউড টাউনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরেই 23 বছর বয়সী তুষার কুমার জানান, “যাঁরা আমার উপর আস্থা রেখেছিলেন, আমার এই দীর্ঘ যাত্রায় সমর্থন করেছিলেন এবং আমাকে উৎসাহ যুগিয়ে ছিলেন তাঁদের প্রত্যেকের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ।”

এদিন ব্রিটেনের সর্বকনিষ্ঠ ভারতীয় বংশোদ্ভুত মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তুষার আরও বলেন, “আমি ডেপুটি মেয়র হিসেবে এর আগে মানুষকে পরিষেবা দিয়েছি। আমাকে সঠিক দিশা দেখানোর জন্য পূর্বসূরী তথা বিদায়ী মেয়র ড্যান ওজারোর প্রতি আমি কৃতজ্ঞ।” এদিন ভারতীয় বংশোদ্ভুত এও জানান, তিনি ডেপুটি মেয়রের পদ ছাড়ার পর বর্তমানে সেই পদ পেয়েছেন কাউন্সিলর লিন্ডা স্মিথ।

এদিন একেবারে আত্মবিশ্বাসী স্বরে তুষার কুমার জানান, “আমি আশা করি আগামী বছরগুলিতে আমাদের সম্প্রদায়ের সেবা করতে পারব। একজন যোগ্য মুখ হিসেবে কাজ করতে পারব। আমি আগামী দিনে সাধারণ মানুষের সাথে মিশে থাকতে চাই। এছাড়াও স্থানীয় বিভিন্ন সংস্থা, দাতব্য সংস্থাকে সমর্থন করতে চাই। তরুণদের জন্য জনসেবামূলক কাজে নিজেকে উৎসর্গ করতে চাই। আমি যে শহরটাকে ভালবাসি, সেই শহরের সেবা করতে পারব এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের।”

অবশ্যই পড়ুন: চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, কারা যোগ্য? কীভাবে আবেদন করবেন জানুন

ইংল্যান্ডের কিংস কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তুষার কুমার বিশ্বাস করেন, “সাম্প্রদায়িক পর্যায়েই আসল পরিবর্তন শুরু হয়।” তাঁর কথায়, এলস্ট্রি এবং বোরোহামউড টাউন কাউন্সিল আমাকে সাধারণ মানুষের কথা শুনতে, তাঁদের হয়ে প্রতিনিধিত্ব করতে এবং জনসেবামূলক কাজ করার জন্য একটা প্লাটফর্ম তৈরি করে দিয়েছে। এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার দায়িত্ব সত্য নিষ্ঠার সাথে পালন করতে চাই!” জানা যাচ্ছে, মেয়র তুষার কুমার সম্প্রতি ইংল্যান্ডের দাতব্য সংস্থা ডাব্লুডি 6 ফুড সাপোর্টকে বেছে নিয়েছেন। বলে রাখি এটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা যা সাধারণত অভাবী বা দরিদ্র মানুষদের সাহায্য করে।

Leave a Comment