বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তাঁকে মোটা টাকায় কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে শেষ পর্যন্ত ছেড়ে দিতে হয় মুস্তাফিজকে। IPL এ দল পেয়েও খেলার সুযোগ হয়নি ওপার বাংলার তারকা পেসারের। এদিকে সেই ক্ষোভ থেকে ভারতে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকার করায় গোটা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। সেই বিতর্কের রেশ কাটিয়ে এবার ফের IPL এ (IPL 2027) খেলার ছাড়পত্র পেলেন বাংলাদেশের খেলোয়াড়েরা।
7 জন বাংলাদেশি খেলতে পারেন IPL এ
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, মুস্তাফিজুর রহমান সহ সাত জন বাংলাদেশি ক্রিকেটার প্রাথমিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তারপরই এবার IPL এ খেলার অনুমতি পেয়ে গেলেন তাঁরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র বলছে, মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম IPL এর নিলামের জন্য রেজিস্ট্রেশন করাতে প্রস্তুত।
ওই সূত্র এও জানিয়েছে, সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নাকি BCB এর সাথে যোগাযোগ করা হয়েছিল। তারপরেই বাংলাদেশ বোর্ড ওপার বাংলার ক্রিকেটারদের IPL এ খেলার অনুমতি দিয়ে দিয়েছে। বোর্ডের একটি সূত্র দাবি করছে, সাধারণত নিয়ম মেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের রেজিস্ট্রেশনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড একাধিক দেশের বোর্ডের সাথে যোগাযোগ করে থাকে। সেই মতোই বাংলাদেশ বোর্ডের সাথে যোগাযোগ করার পরই সবুজ সংকেত পেলেই মুস্তাফিজরা ফের IPL নিলামের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এখন দেখার শেষ পর্যন্ত কারা দল পান বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগে।
আরও পড়ুন: IPL 2027 শুরুর আগেই অধিনায়ক হয়ে গেলেন KKR তারকা রমণদীপ সিং
উল্লেখ্য, এর আগে গত বছর মিনি নিলাম চলাকালীন 9 কোটি 20 লাখ টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আশা ছিল, এই বোলারকে কাজে লাগিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দাপট দেখাবে, তবে শেষ পর্যন্ত সেই আশায় জল ঢেলে দিয়েছিল বোর্ড! ওপার বাংলায় ভারত বিরোধী, স্লোগান ওঠায় দেশের ক্রিকেট সমর্থকদের দাবি মেনে IPL থেকে বাদ দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে।