প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এলেন সন্দীপ ঘোষ (Sandip Ghosh), এবার আরজি কর কলেজে দুর্নীতি মামলায় (RG Kar Corruption Case) সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে সাহায্য চাইলেন তিনি। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হতেই সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। আর এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতির অন্দরে তুমুল শোরগোল শুরু হয়ে গিয়েছে।
ফের শিরোনামে আরজি কর দুর্নীতি মামলা
২০২৪-এর ৯ আগস্ট আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরই প্রকাশ্যে উঠে এসেছিল ওই কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আরজি করের ডেপুটি সুপারের অভিযোগ ছিল, তিন বছরেরও বেশি সময় ধরে হাসপাতালের অন্দরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চালিয়েছিলেন তিনি। এমনকি সন্দীপ ঘোষের নিজের ঘনিষ্ঠ লোকজনকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগও উঠে এসেছিল। অন্যদিকে ধর্ষণকাণ্ডের প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। যদিও পরে ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেও দুর্নীতির মামলায় জামিন পাননি সন্দীপ।
জামিনের আবেদন খারিজ করেছিল হাইকোর্ট
কয়েক মাস আগে আরজি কর কাণ্ডের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের কাছে জামিনের আবেদীন করেছিলেন সন্দীপ ঘোষ কিন্তু হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ ছিল, সন্দীপের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে। ওই টাকা সরাসরি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বলেও উল্লেখ করে আদালত। এমনকি বিচারপতি জানিয়েছিলেন যে অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় সাক্ষীদের উপর প্রভাব পড়তে পারে তাই তখন সন্দীপের জামিন বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। কিন্তু এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ।
আরও পড়ুন: বিরল ক্যান্সারে মৃত্যু অশোকনগরের পায়েলের, অধরা থেকে গেল সাংবাদিক হওয়ার স্বপ্ন
সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আর জি কর কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় পুনরায় জামিনের আবেদনের জন্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামী সপ্তাহে হয়তো ওই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য পূর্বতন সরকারের আমলে আরজি কর কাণ্ডের ঘটনা নিয়ে সেরকম কোন তদন্ত ভালোভাবে এগোয়নি, কিন্তু নির্বাচনে ক্ষমতার রদবদল হতেই এই ঘটনার তদন্তের জন্য উঠে পড়ে লাগলো বিজেপি সরকার। এখন দেখার এই মামলার জল কত দূর এগোয়।