সৌভিক মুখার্জী, কলকাতা: বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্যে নিয়োগ নিয়ে চতুর্থীর দিন বিরাট সুখবর দিলেন তিনি। এদিন সন্ধ্যায় ৪৫ হাজার নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মহালয়াতেই রাজ্যের ১১ হাজার পুলিশ কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, নভেম্বরের শেষে আরও ৯ হাজার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করবে পশ্চিমবঙ্গ সরকার। এরই মধ্যে ৪৫ হাজার চাকরি নিয়ে বড় সুখবর দিয়েছেন তিনি।
চাকরি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চতুর্থীর সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে বিরাট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অধিকারী। পুলিশ, স্কুল, পঞ্চায়েতসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ৪৫ হাজার ১৮৫ জনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, “টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কুল ডেভেলপমেন্টে ১৮৮৬ জন, পুলিশ ৯৯৬ জন, পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টে ৭১১৯ জন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে ৩৩,১৯১ জনকে নিয়োগের অনুমোদন দিয়েছে কেবিনেট। খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”
এদিকে স্কুলে সবচেয়ে বেশি নিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার মোট ৩৩,১৯১ জনের মধ্যে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে ৪৪৩২ জন, আপার প্রাইমারিতে নিয়োগ করা হবে ৬০৫২ জন, অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে ১২,৩৪৩ জন, ফার্স্ট গ্রেড টিচার নিয়োগ করা হবে ১০৩২ জন, অ্যাসিস্ট্যান্ট টিচার (পিজি) নিয়োগ করা হবে ২৩ জন এবং হেডমাস্টার হিসেবে ৪৩৯৪ জনকে নিয়োগ করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: “দেশটাকে কেন উচ্ছন্নে দিচ্ছেন ভাই?” দিল্লির বিমানবন্দরে অভিজিৎ দীপকেকে প্রশ্ন যাত্রীর
প্রসঙ্গত, সোমবার অর্থাৎ মহালয়ার দিন রাজ্য পুলিশের কনস্টেবল পদে মোট ১১,৫৯৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি। এছাড়া নভেম্বরের শেষে ৯০০০ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, প্রতি ১ লক্ষ মানুষপিছু গড়ে ১৫৫ জন পুলিশ রয়েছেন উত্তরপ্রদেশে। সেই সংখ্যা পশ্চিমবঙ্গে সবচেয়ে কম। মাত্র ১০৫ জন। এই ঘাটতি মেটাতে নভেম্বরের শেষ সপ্তাহে আরও ৯০০০ কনস্টেবল নিয়োগ করা হবে।