অনন্যা সরকার, কলকাতা: সরকারি কর্মচারীরা একাধিক সরকারি স্বাস্থ্যবীমা সুবিধা পাবেন না – আগেই ঘোষণা করেছিল সরকার। সরকারি কর্মী বা পেনশনভোগীরা তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি ‘পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প’ (West Bengal Health Scheme)-এর অধীনে চিকিৎসার সুবিধা পান। তবে, তাদের অনেকের কাছেই বিগত সরকারের আমলে চালু হওয়া ‘স্বাস্থ্য সাথী’ (Swasthya Sathi) বা কেন্দ্রীয় সরকারের ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) কার্ড রয়েছে। প্রশাসন আগেই নির্দেশ দিয়েছিল যে, ৩১ অক্টোবরের মধ্যে এই কার্ডগুলো জমা দিয়ে দিতে হবে। তবে, শুক্রবার রাজ্য সরকারের অর্থ দপ্তরের মেডিকেল মেডিকেল সেল একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে এই সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করেছে।
স্বাস্থ্য সাথী, আয়ুষ্মান ভারত কার্ড ফেরত দেওয়ার সময়সীমা বাড়লো
৯ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে নবান্ন জানিয়েছিল যে, সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS)-এর অধীনেই সুবিধা পাওয়ার অধিকারী। তবে সরকার লক্ষ্য করে যে, সর্বভারতীয় পরিষেবার অন্তর্ভুক্ত ব্যক্তি সহ কিছু সরকারি কর্মচারী ও পেনশনভোগী পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত থাকা সত্ত্বেও নিজেদের ও তাঁদের নির্ভরশীলদের জন্য ‘স্বাস্থ্য সাথী’ বা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে নাম লিখিয়েছেন।
পরবর্তীতে রাজ্যের অর্থ বিভাগ একটি নির্দেশ জারি করে জানায় যে, এই কার্ডগুলো ফেরত দেওয়া বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, একটি নির্দিষ্ট ঘোষণাপত্র পূরণ করে তা কার্ড জমা দেওয়ার প্রমাণ সহ দফতরে দাখিল করতে হবে। কর্মীদের ক্ষেত্রে এই নথিপত্র নিজ নিজ বিভাগের প্রধানের কাছে জমা দিতে হবে। অন্যদিকে, পেনশনভোগীদের ক্ষেত্রে এই কার্ডগুলো সেই দফতরে জমা দিতে হবে যেখানে তাঁরা সাধারণত তাঁদের ডব্লিউবিএইচএস সংক্রান্ত ফর্ম জমা দিয়ে থাকেন। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশ পালন না করলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে প্রাপ্ত সমস্ত চিকিৎসা সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হবে। এছাড়া, নির্দেশ পালনে ব্যর্থ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ৭ দিনেই হবে ফাইল নিষ্পত্তি, সরকারি প্রকল্প নিয়ে নয়া নির্দেশিকা নবান্নের
এরপরই, যে সব রাজ্য সরকারি কর্মচারী এই কার্ডের সুবিধা নিচ্ছিলেন, তাদের মধ্যে কার্ড ফেরত দেওয়ার জন্য তাড়াহুড়ো পড়ে যায়। এত বিপুল সংখ্যক কর্মচারী কার্ড ফেরত দিতে আগ্রহী হওয়ায়, নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না বলে মনে করা হচ্ছিল। এই বিষয়টি বিবেচনা করেই, সরকার এখন এই কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দিয়েছে। সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা এখন ৩০ নভেম্বর পর্যন্ত তাদের কার্ড জমা দিতে পারবেন।