বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের হরমুজ প্রণালীতে (Strait Of Hormuz) আক্রান্ত ভারতীয়। মঙ্গলবার, গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথ পারাপার করার সময় পানামার একটি পতাকাবাহী জাহাজে ড্রোন হামলা হয়। আর তাতেই আহত হয়েছেন জাহাজে থাকা 11 জন ভারতীয় নাবিক (Indian Sailor)। এই ঘটনায় নতুন করে হরমুজ প্রণালীতে তৈরি হয়েছে আতঙ্ক। এদিকে গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নয়া দিল্লি। একই সাথে হরমুজ প্রণালীতেই বারবার বিভিন্ন জাহাজের উপর হওয়া হামলা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক।
আহত 11 জন ভারতীয় নাবিক
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হামলার সময় ওই জাহাজে মোট 19 জন নাবিক ছিলেন। যার মধ্যে 17 জনই ভারতীয়। মঙ্গলবার, ওমান উপকূলের একেবারে কাছেই পানামার পতাকাবাহী জাহাজে আছড়ে পড়েছিল ড্রোন। আর তাতেই দাউদাউ করে চলতে থাকে জাহাজটি। খবর পেয়ে তড়িঘড়ি জাহাজে থাকা ব্যক্তিদের উদ্ধার করতে ময়দানে নামে ওমানের নৌবাহিনী। তারপরই উদ্ধার করা হয় সমস্ত নাবিককে।
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ড্রোন হামলায় 12 জন ক্রু সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন 11 নন ভারতীয়। সূত্রের যা খবর, ওই হামলার পরই বাণিজ্যিক জাহাজটিতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ঠিক কে বা কারা ওই জাহাজে হামলা চালিয়েছে, সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য মেলেনি। এদিকে ভারতীয় বিদেশ মন্ত্রক এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে হরমুজ প্রণালীতে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: আবার বাদ, কেন বৈভব সূর্যবংশীর উপর ‘ভরসা’ পাচ্ছে না বোর্ড?
বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, “এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। এই ধরনের আক্রমণ যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে। হরমুজের মতো বাণিজ্য পথে এই ধরনের হামলা একেবারেই কাম্য নয়। শান্তির পথে সমস্ত সমস্যার সমাধান করতে হবে।” বলাই বাহুল্য, এর আগে গত শুক্রবার কুয়েতের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারে হামলা হয়েছিল। তাতে কোনও ক্রমে প্রাণে বেঁচে ছিলেন পাঁচজন ভারতীয় নাবিক।