প্রীতি পোদ্দার, কলকাতা: ফের দুই দিনের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ বাংলার উন্নয়নের স্বার্থে একের পর এক ঠাসা কর্মসূচি নিয়ে পা রাখতে চলেছেন বঙ্গের মাটিতে। জানা গিয়েছে, রবিবার আমূল (Amul) প্লান্টের শিলান্যাস করবেন তিনি। এছাড়াও বিএসএফের আউটপোস্টের নজরদারি বৃদ্ধি এবং সীমান্তবর্তী নিরাপত্তা সংক্রান্ত একাধিক বড় বিষয় নিয়ে আলোচনা করবেন। সব মিলিয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এবারের বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
বঙ্গ সফরে আসছেন শাহ
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আগামীকাল, ১৭ জুলাই সন্ধে ৭.৩০টা নাগাদ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিমান। থাকবেন বিএসএফের ক্যাম্পে। ১৮ জুলাই উত্তরকন্যাতে দুপুরের দিকে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করতে আন্তর্জাতিক সীমান্ত পাহারা, বিএসএফের আউটপোস্টের নজরদারি বৃদ্ধি করতে এবং সীমান্তবর্তী নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন। সেদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা এবং কেন্দ্রের বিভিন্ন উচ্চপর্যায়ের দফতরের প্রতিনিধিরাও।
স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে
বৈঠকের পর ১৮ জুলাই, ওইদিন রাত ৮.৩০টা নাগাদ কলকাতায় পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। থাকবেন, নিউ আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে। এই প্রথম অমিত শাহ রাজ্য সরকারের অতিথি নিবাস সৌজন্য গেস্ট হাউসে রাত্রিবাস করবেন। এরপর ১৯ জুলাই, রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার পুলিশের এসপি ও জেলাশাসকদের নিয়েও বৈঠক করবেন। সীমান্তবর্তী জেলাগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করার পর স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে, সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জানা গিয়েছে নবনির্মিত ওয়ার্ড মিউজিয়াম উদ্বোধন করবেন শাহ। এরপর সড়কপথে রওনা দেবেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের উদ্দেশে।
আরও পড়ুন: সপ্তম বেতন পে কমিশন নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, অবশেষে জারি বিজ্ঞপ্তি
আমুল প্লান্টের শিলান্যাস করবেন শাহ
সরকারি সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৯ জুলাই বিকেল ৪টেয় যোগ দেবেন আমুল বেঙ্গল ডেয়ারির দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে। এই অনুষ্ঠান শেষ করেই সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর পৌঁছে দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। আমুল এর দাবি, এটিই হতে চলেছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদনকারী কারখানা। কারণ এখানে প্রতি দিন প্রায় ১০ লক্ষ কেজি দই এবং অন্যান্য ‘ফারমেন্টেড’ ডেয়ারি পণ্য উৎপাদন করা সম্ভব হবে। দুধ ও দই ছাড়াও মিষ্টি দই, লস্যি, পনির, মাখন, ঘি এবং আইসক্রিমও তৈরি হবে এই প্লান্টে।