প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূলের অস্তিত্ব সংকটের মাঝে ফের বিপাকে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ অভিযোগ হাদি হত্যা কাণ্ডে (Hadi Murder Case) উস্কানিমূলক মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে শিলিগুড়ির (Siliguri) সাইবার ক্রাইম থানায় FIR দায়ের করলেন আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিং। যার দরুন আইনি অস্বস্তি আরও বাড়ল তৃণমূল নেত্রীর।
ফের FIR দায়ের হল মমতার বিরুদ্ধে
উল্লেখ্য, গত ২ জুন, মঙ্গলবার রানি রাসমণি রোডে মমতা বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক সভার আয়োজন করেছিলেন। আর সেই সভায় বক্তৃতা দিতে গিয়ে বাংলাদেশে এক যুব নেতার হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও তিনি সরাসরি কোনও ব্যক্তির নাম উল্লেখ করেননি, তবে তাঁর বক্তব্যে বাংলাদেশের ওসমান হাদি হত্যার ঘটনাকেই ইঙ্গিত করা হয়েছে বলে অভিযোগ। এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহকে জড়িয়ে তিনি সেই উস্কানিমূলক কথা বলেছিলেন। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হল মমতার বিরুদ্ধে।
বিস্ফোরক অভিযোগ মমতার বিরুদ্ধে
রানি রাসমণি রোডে ওইদিন সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ডের অভিযুক্তদের রাজ্যের STF গ্রেপ্তার করেছিল। পাশাপাশি তিনি এও দাবি করেছিলেন যে, ওই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কী তথ্য সামনে এসেছিল, সে বিষয়ে তিনি অবগত। এমনকি দেশের স্বার্থের কথা উল্লেখ করে কিছু তথ্য প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছিল বলে তিনি জানেন। এই সেই ঘটনায় ক্ষুব্ধ রাজনৈতিক দলের একাংশ। অভিযোগকারীর দাবি, একজন জননেতার বক্তব্যের প্রভাব ব্যাপক হতে পারে। তিনি দুই দেশের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করেছিলেন। ফলে এ ধরনের মন্তব্যের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।
কী বলছেন অভিযোগকারী?
আইনজীবী রিঙ্কির দাবি, মমতার এই হিংসামূলক মন্তব্যগুলো বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ককে হুমকির মুখে ফেলছে, জাতীয় অখণ্ডতাকে ক্ষুণ্ণ করছে এবং সীমান্তের ওপারে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তাকে বিপন্ন করতে পারে। এছাড়াও বিগত কয়েক বছরে নানা ধর্মীয় অনুষ্ঠান এবং একাধিক রাজনৈতিক মঞ্চ থেকে একাধিকবার ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাই রেড রোড ও ধর্না মঞ্চের মন্তব্য ঘিরে অভিযোগ দায়ের করেন তিনি। তবে পুলিশের তরফে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: আদানির পর এবার বাংলায় লগ্নির ইঙ্গিত আম্বানির রিলায়্যান্সের, বৈঠক চলতি মাসেই
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে খুন হন ওসমান হাদি। পরে তদন্তে উঠে আসে, ওই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি মেঘালয় সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এদিকে হাদি হত্যার পর বাংলাদেশ তুমুল জনরোষ আছড়ে পড়েছিল। পরিস্থিতি এমন আকার ধারণ করেছিল যে ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। যদিও এখনও সে দেশে এই নিয়ে তুমুল বিবাদ বিতর্ক আছে। এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক মহলে ব্যাপক প্রভাব ফেলেছে।