সৌভিক মুখার্জী, কলকাতা: ১০০% হোল হুইট বা সম্পূর্ণ আটার তৈরি ব্রেড বলে দাবি করায় এবার জনপ্রিয় খাদ্য প্রস্তুতকারক সংস্থা ব্রিটানিয়া (Britannia) ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লক্ষ টাকা জরিমানা করল কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। এমনকি একইসঙ্গে এই ধরনের সমস্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যেই একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।
ব্রিটানিয়াকে ১ লক্ষ টাকার জরিমানা
সিসিএএ-র নির্দেশিকায় জানানো হয়েছে যে প্রোডাক্টের প্যাকেজিং এবং বিজ্ঞাপনে ১০০% হোল হুইট ব্রেড এবং ০% ময়দা লেখা থাকলেও বাস্তবে ওই ব্রেডে মাত্র ৬২% আটা রয়েছে, আর বাকি ৩৮% জুড়ে মেশানো রয়েছে জল, ইস্ট, গমের ভুষি এবং অন্যান্য উপাদান। কর্তৃপক্ষের মতে, এই ধরনের বিজ্ঞাপন ক্রেতাদের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে যে পণ্যটি শুধুমাত্র আটা দিয়েই তৈরি।
অন্যদিকে সংস্থা জানিয়েছে যে প্রধানত প্যাকেটের গায়ে বড় হরফে ১০০% হোল হুইট লিখে পিছনে ছোট করে ডিসক্লেইমার ফুটিয়ে তোলার শর্ত যুক্ত করাও ক্রেতাদের বিভ্রান্তির কারণ। এটি উপভোক্তা সুরক্ষা আইন ২০১৯-এর পরিপন্থী। এর পাশাপাশি ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী কোনও পণ্যকে হোল হুইট ব্রেড হিসেবে বিক্রি করতে হলে তাতে অন্তত ৭৫ শতাংশ আটা থাকা অবশ্যক। কিন্তু ব্রিটানিয়ার এই পণ্যে আটার পরিমাণ ছিল মাত্র ৬২ শতাংশ।
আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়াই ফ্লাইং কার বানিয়ে ফেলল রবি, চিনে নিন সেই যুবককে
এর পাশাপাশি প্রিন্ট ইলেকট্রনিক্স এবং সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এই ধরনের বিভ্রান্তি বা বিজ্ঞাপন অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশিকা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, কোনও কোম্পানির ছোটখাটো ডিসক্লেইমার বা সতর্কতা বিভ্রান্তিকর দাবিকে মোটেও ঢাকতে পারে না। সাধারণ ক্রেতারা সবসময় উপাদান খুঁটিয়ে না থেকে সামনের বড় লেখাটি দেখেই প্রোডাক্ট কিনে থাকেন।