অনন্যা সরকার, কলকাতা: প্রত্যেক ব্যক্তিই তাদের আয়ের কিছু অংশ সঞ্চয় করে এমন জায়গায় বিনিয়োগ করতে চান, যা সুরক্ষিতও হবে এবং ভালো মুনাফাও দেবে। আবার, কিছু বিনিয়োগকারী রয়েছেন, যারা এমন বিনিয়োগ প্ল্যানের সন্ধানে থাকেন, যা থেকে সারাজীবন আয় করা যায়। নানা ধরনের বিনিয়োগকারীদের জন্য দেশের বৃহত্তম বিমা সংস্থা, এলআইসি (LIC) বিভিন্ন প্ল্যান অফার করে। এর মধ্যে একটি লাভদায়ক স্কিম হল এলআইসি জীবন উমং পলিসি (LIC Jeevan Umang Policy), যা বিনিয়োগকারীদের ১০০ বছরের জন্য নিশ্চিত আয়ের সুবিধা প্রদান করে। এই প্ল্যানের অধীনে ৫ লক্ষ টাকার বিমা করলে সারাজীবন ধরে ৪০,০০০ টাকা আয় করা যায়। এছাড়াও কী কী সুবিধা মেলে এলআইসি জীবন উমং স্কিমে, আসুন জেনে নেওয়া যাক।
নিরাপদ বিনিয়োগ করে ১০০ বছর পর্যন্ত নিশ্চিত আয় পান এলআইসি জীবন উমং প্ল্যানে
সরকার অধীনস্থ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের (LIC) স্কিমগুলি নিরাপদ বিনিয়োগ বিকল্প বলেই বিবেচিত হয়। এই বিমা সংস্থা শিশু থেকে শুরু করে প্রবীণ ব্যক্তি – সকল বয়সের মানুষের জন্যই প্ল্যান অফার করে। এর মধ্যে একটি জনপ্রিয় স্কিম হল এলআইসি জীবন উমং পলিসি, যা বিনিয়োগকারীদের সারা জীবন ধরে নিয়মিত আয়ের সুবিধা প্রদান করে। এই পলিসিতে বিনিয়োগ করলে ১০০ বছর বয়স পর্যন্ত নিয়মিত নিশ্চিত আয় মেলে।
আরও পড়ুন: ৪০ হাজার কোটি টাকা দাবিহীন হয়ে পড়ে LIC ও EPFO-তে, কী করা হবে? জানাল সরকার
কীভাবে কাজ করে এলআইসি জীবন উমং?
এলআইসি জীবন উমাং প্ল্যানের অধীনে, বিনিয়োগকারী তার প্রিমিয়াম পরিশোধের মেয়াদ বেছে নিতে পারেন, যা সাধারণত ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর এবং ৩০ বছর হয়। এই পলিসির সর্বনিম্ন বিমাকৃত অর্থ (Basic Sum Assured) হল ২ লক্ষ টাকা। পলিসি হোল্ডাররা ১০০ বছর পর্যন্ত মূল বিমকৃত অর্থের ৮% হারে বার্ষিক সারভাইভাল বেনিফিট পেয়ে থাকেন। যদি ওই বিনিয়োগকারী ১০০ বছর বয়স হওয়ার আগেই মারা যান, তাহলে পলিসির কাগজে উল্লিখিত মনোনীত ব্যক্তি বা নমিনিকে এককালীন অর্থ প্রদান করা হয়। এছাড়া, নমিনি চাইলে এই টাকা কিস্তির মাধ্যমেও গ্রহণ করতে পারেন।
এই আজীবন আয়ের হিসাবটি একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। মনে করুন, এক ব্যক্তি ২৬ বছর বয়সে ৩০ বছরের পেমেন্ট টার্মের জন্য ৫ লক্ষ টাকার একটি জীবন উমং বিমা কভার নিলেন। সেই হিসেব অনুযায়ী তাকে, এই সময়কালের মধ্যে ৪,৮১,৪১০ টাকার প্রিমিয়াম দিতে হবে। এই পলিসির বার্ষিক প্রিমিয়াম হবে ১৬,০৪৭ টাকা, অর্ধ-বর্ষের প্রিমিয়াম ৮,১১২ টাকা, ত্রৈমাসিক প্রিমিয়াম ৪,১০০ টাকা এবং মাসিক প্রিমিয়াম মাত্র ১,৩৬৭ টাকা। হিসেব করলে যা দাঁড়ায়, দৈনিক প্রায় ৪৫ টাকা। প্রিমিয়াম প্রদানের মেয়াদ শেষ হওয়ার পর, ওই ব্যক্তি ৫৬ বছর বয়স থেকে ১০০ বছর বয়স পর্যন্ত মোট বিমা রাশির (এক্ষেত্রে ৫ লক্ষ টাকা) ৮%, অর্থাৎ ৪০,০০০ টাকা করে প্রতি বছর পাবেন।
আরও পড়ুন: দুর্গাপুরে NIA-র অভিযান, বাড়ি ঘিরে তল্লাশি, কী অভিযোগে তদন্ত?
জানিয়ে রাখি, এলআইসি জীবন উমং পলিসির সাথে আজীবন আয়ের নিশ্চয়তার পাশাপাশি আরও কিছু সুবিধা পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, এই পলিসিতে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীকে কোনও কর দিতে হয় না। এছাড়া, এলআইসি জীবন উমং-এ বিনিয়োগ করে আয়করের ৮০সি (80C) ধারার অধীনে ট্যাক্স ছাড়ের সুবিধাও পাওয়া যেতে পারে।