বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission Of India) জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। একদিকে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি, অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরাতে দিল্লির বুকে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদ সহ অন্যান্য নেতাকর্মীরা। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে আদৌ কি পদত্যাগ করবেন জ্ঞানেশ কুমার? করলে ঠিক কবে নাগাদ পদত্যাগ করতে পারেন তিনি? এ নিয়ে এবার মুখ খুললেন আম আদমি পার্টির সভাপতি ও প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।
পদত্যাগ করবেন জ্ঞানেশ কুমার?
সম্প্রতি আম আদমি পার্টির সভাপতি তথা সৌরভ বাবু জানিয়েছেন, তাঁর কাছে সূত্র মারফত একটি খবর রয়েছে যে, আগামী 10 অক্টোবরের আগেই পদত্যাগ করতে পারেননি জ্ঞানেশ কুমার। এদিকে এই দিনটিতেই ককরোচ জনতা পার্টি দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে। যদিও দেশের মুখ্য নির্বাচন কমিশনার ঠিক কবে পদত্যাগ করবেন সেই সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির অভিজ্ঞ নেতা সৌরভ ভরদ্বাজের কথায়, “আমার সূত্র আমাকে জানিয়েছে জ্ঞানেশ কুমার 10 অক্টোবরের আগেই পদত্যাগ করে দেবেন।” নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সংক্রান্ত পোস্ট করলেও ঠিক কোথা থেকে এই খবর তিনি পেয়েছেন, ওই সূত্র আর কী কী জানিয়েছে সেই সংক্রান্ত কিছুই খোলসা করেননি আম আদমি পার্টির সভাপতি।
আরও পড়ুন: “বহু ইচ্ছে বিসর্জন দিয়েছি” ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে বিরাট মন্তব্য হরমনপ্রীতের
উল্লেখ্য, আম আদমি পার্টির নেতা মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ নিয়ে বড় মন্তব্য করলেও সিজেপি-র সহ-আহ্বায়ক সৌরভ দাস দাবি করেছেন, 10 অক্টোবর আন্দোলনে নামার আগেই তিনি, অভিজিৎ দীপকে এবং আশুতোষ রাঙ্কা গ্রেফতার হতে পারেন। আরশোলাদের কয়েকটি সূত্র এও বলছে, 10 তারিখের মধ্যে বিরোধী দলগুলির বেশ কয়েকজন পরিচিত নেতাকেও গ্রেফতার করা হতে পারে।