সহেলি মিত্র, কলকাতাঃ কয়লা শ্রমিকদের (Coal Workers) জন্য রইল দারুণ সুখবর। এবার খুব সহজেই মিলবে পেনশন (Pension)। অবসরের পর আর্থিক নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকা কয়লা খাতের কর্মচারীদের জন্য আসতে পারে বড় সুখবর। বিশেষ করে যে সমস্ত কর্মচারী ১০ বছরের কম সময় চাকরি করার পর অবসর গ্রহণ করেছেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার কথা ভাবছে কোল মাইনস প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (CMPFO)।
কয়লা শ্রমিকদের জন্য রইল সুখবর
নির্ধারিত সময়ের কম চাকরি করার কারণে যাঁরা নিয়মিত পেনশনের সুবিধা পাননি, তাঁদের পেনশনের জন্য জমা দেওয়া অবদানের টাকা সুদসহ ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সংস্থাটি। এই প্রস্তাব বাস্তবায়িত হলে উপকৃত হতে পারেন বহু অবসরপ্রাপ্ত কয়লা শ্রমিক।
এই বিষয়ে ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট কর্মচারীদের সংখ্যা, তাঁদের পেনশন অ্যাকাউন্টে জমা হওয়া অর্থের পরিমাণ এবং সেই অর্থের উপর কতটা সুদ প্রাপ্য হতে পারে, তা খতিয়ে দেখতে একটি বিস্তারিত সমীক্ষা চালানোর পরিকল্পনা করেছে CMPFO।
আরও পড়ুনঃ হাওড়ার চাপ কমাতে শালিমারে সরল ৪টি ট্রেন, বড় সিদ্ধান্ত রেলের
বড় পরিকল্পনা CMPFO-র
সমীক্ষার মাধ্যমে প্রকৃত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপের জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করা হবে। গত ২৬ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত CMPFO-এর বিনিয়োগ উপকমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করা হয়েছিল। বৈঠকে ১০ বছরের কম চাকরি করে অবসর নেওয়া কর্মচারীদের পেনশনের জন্য জমা দেওয়া অর্থ ফেরতের দাবিটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। পাশাপাশি, এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের ব্যাপারেও সম্মতি জানানো হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সংগ্রহের প্রস্তুতি শুরু করেছে CMPFO কর্তৃপক্ষ।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, প্রস্তাবটি নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য ট্রাস্টি বোর্ডের বৈঠকে পেশ করা হতে পারে। সেখানে প্রস্তাবটি অনুমোদন পেলে পরবর্তী সময়ে অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন মেলেনি। ফলে কারা কত টাকা ফেরত পাবেন এবং কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, সে সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
জমা টাকার কী হবে?
প্রকৃতপক্ষে, কয়লা খাতের কর্মচারীদের পেনশন ব্যবস্থায় চাকরির মেয়াদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান নিয়ম অনুযায়ী, যে সমস্ত কর্মচারীর চাকরির মেয়াদ ১০ বছরের কম, তাঁরা নিয়মিত মাসিক পেনশনের সুবিধা পান না। অথচ চাকরিতে থাকাকালীন তাঁদের বেতন থেকে নিয়মিতভাবে পেনশনের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়া হয়।
ফলে অবসরের সময় তাঁদের সামনে তৈরি হয় এক ধরনের আর্থিক সমস্যা। একদিকে দীর্ঘদিন চাকরি করার পরও নির্ধারিত সময়ের কম চাকরির কারণে মাসিক পেনশন পাওয়ার সুযোগ থাকে না, অন্যদিকে এতদিন ধরে পেনশন খাতে জমা হওয়া অর্থের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিরা সংশ্লিষ্ট কর্মচারীদের পেনশন খাতে জমা দেওয়া অর্থ সুদসহ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, যে সমস্ত কর্মচারী নির্ধারিত চাকরির মেয়াদ পূরণ করতে পারেননি এবং সেই কারণে পেনশন পাচ্ছেন না, তাঁদের জমা করা অর্থ ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।
আরও পড়ুনঃ বঞ্চিতরা জানুয়ারি থেকেই পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা, আশ্বাস বিজেপি বিধায়কের
শ্রমিক সংগঠনগুলোর এই দাবির পরিপ্রেক্ষিতেই বিষয়টি CMPFO-এর বিনিয়োগ উপকমিটির বৈঠকে গুরুত্ব পায়। এখন সমীক্ষার মাধ্যমে কতজন কর্মচারী এই সুবিধার আওতায় আসতে পারেন এবং তাঁদের মোট কত টাকা ফেরত দিতে হতে পারে, তা নির্ধারণের চেষ্টা করা হচ্ছে।
কীভাবে এগোবে টাকা ফেরতের প্রস্তাব?
CMPFO কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ১০ বছরের কম চাকরি করে অবসর নেওয়া কর্মচারীদের একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করা হবে। এরপর সংশ্লিষ্ট কর্মচারীদের পেনশন অ্যাকাউন্টে কত টাকা জমা রয়েছে, কতদিন ধরে সেই অর্থ জমা হয়েছে এবং তার উপর সম্ভাব্য সুদের পরিমাণ কত হতে পারে, তা হিসাব করা হবে।
এই তথ্যের ভিত্তিতেই একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করে ট্রাস্টি বোর্ডের সামনে পেশ করা হবে। ট্রাস্টি বোর্ডের অনুমোদন পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।