অনন্যা সরকার, মধ্যপ্রদেশ: খুদের হাতে উঠল লাকি ড্রয়ের (Lucky Draw) প্রথম পুরস্কার। দামি গাড়ি জিতে নিল ছয় বছরের মেধাংশ। মধ্যপ্রদেশের বুরহানপুরে ঘটেছে এই অভাবনীয় ঘটনা। ছয় বছর বয়সী মেধাংশ রাইকওয়ার একটি লাকি ড্র-তে প্রথম পুরস্কার হিসেবে জিতে নিয়েছে ৫০ লক্ষ টাকা মূল্যের টয়োটা ফরচুনার (Toyota Fortuner) গাড়ি। এই আকস্মিক জয়ে শিশুটির স্বভাবতই অত্যন্ত আনন্দিত পরিবার ও প্রতিবেশীরা।
ছয় বছরের বালক জিতল ৫০ লাখের গাড়ি
রিপোর্ট অনুযায়ী, প্রায় এক বছর আগে আভা পুরীর শ্রী সরকারধামে আয়োজিত একটি গরবা অনুষ্ঠানে এই লটারির টিকিটটি কেনা হয়েছিল। মেধাংশের ঠাকুমা কিরণ রাইকওয়ার মাত্র ২০০ টাকা দিয়ে তার নাতির নামে লটারির টিকিটটি কিনেছিলেন। তখন পরিবারের কেউ ধারণাও করতে পারেননি যে, সাধারণ এই টিকিটে একদিন তাদের এত বড় প্রাপ্তি হতে চলেছে।
বুরহানপুরের সিলামপুরা এলাকায় বসবাসকারী রাইকওয়ার পরিবার ফরচুনার গাড়িটি পাওয়ার পর বাড়িতে একটি পুজোর আয়োজন করে। পরিবারের সদস্যরা ঐতিহ্যবাহী ঢোলের তালে নেচে-গেয়ে এই আকস্মিক জয়ের আনন্দ উদযাপন করেন। সুন্দর করে ফুল দিয়ে সাজানো নতুন গাড়িটির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছোট্ট মেধাংশ ও তার পরিবারের সদস্যদের। কেউ হাসি মুখে পোজ দিচ্ছে তো কেউ হাতে পুজোর থালা নিয়ে ব্যস্ত। মোট কথা ৫০ লাখের গাড়ি জিতে মেধাংশের বাড়িতে এখন উৎসবের আবহ।
আরও পড়ুন: বাগানবাড়ি, গাড়ি, কোটি কোটি টাকার মালিক! জানেন ইন্দ্রনীল সেনের মোট সম্পত্তির পরিমাণ কত?
গোটা পরিবারের এই আনন্দের মুহূর্তগুলো একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যে প্রায় দশ লক্ষ বার দেখা হয়েছে এবং সমাজ মাধ্যমে ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভিডিওটিতে দেখা গেছে, পরিবারের সদস্যরা ঢোলের তালে তালে নাচছেন। আর তাদের উদযাপনের কেন্দ্রে রয়েছে ছোট্ট মেধাংশ। সেও কোলে চেপে এই আনন্দে সামিল হয়েছে।
অনেক নেটিজেন শিশুটিকে শুভকামনা জানিয়েছেন, কেউ কেউ মন্তব্য করেছেন যে, মেধাংশ তার পরিবারের জন্য খুবই ‘লাকি’। একজন নেটিজেন রসিকতা করে লিখেছেন, “এখন থেকে এই পরিবার যেখানেই যাবে, নিশ্চয়ই সেখানেই লটারির টিকিট কিনবে!” লটারিতে ছোট্ট মেধাংশের এই জয় এখন গোটা এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।